ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি, বাড়ি ফিরে মারা গেলেন নারী কনস্টেবল

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাইদা আক্তার নামে ভৈরব থানায় কর্মরত এক নারী পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। থানায় যোগদানের মাত্র এক সপ্তাহের মাথায় মারা গেলেন তিনি।
শনিবার (২১ নভেম্বর) রাতে নরসিংদীর বেলাবো উপজেলায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর গত ১৯ নভেম্বর সাইদা আক্তারকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা নেওয়ার পর ২১ নভেম্বর হাসপাতাল থেকে ছাড়পত্র পান তিনি।
হাসপাতাল থেকে বাড়ির উদ্দেশে রওনা হওয়ার পর পথে আবার অসুস্থ হয়ে পড়েন সাইদা। পরে তাকে বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে নিজ বাড়িতে নিয়ে যাওয়ার পর শনিবার রাতে তার মৃত্যু হয়। রোববার (২২ নভেম্বর) বাদ জোহর জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, ভৈরব থানায় যোগদানের পর সাইদা আক্তার ভালোভাবে কাজ শুরু করার সুযোগও পাননি। এর আগেই তিনি ডেঙ্গুতে আক্রান্ত হন। ডেঙ্গু শনাক্ত হওয়ার পর তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর তার মৃত্যু হয়।





