চাঁদপুর/টানা বৃষ্টিতে কমেছে দিনমজুরদের আয়, বাড়ছে শীত

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে চাঁদপুরে টানা বৃষ্টিপাতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সেই সঙ্গে বৃষ্টির কারণে বাড়তে শুরু করেছে শীতের আমেজ। গত ২৪ ঘণ্টায় জেলায় ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল থেকে দিনভর বৃষ্টিতে জনজীবনে কিছুটা স্থবিরতা নেমে এসেছে। বিশেষ করে নিম্নআয়ের মানুষ ও দিনমজুররা পড়েছেন বিপাকে। অনেকেরই দৈনিক আয় নেমে এসেছে অর্ধেকে।
টানা বৃষ্টিতে প্রয়োজন ছাড়া অনেকেই ঘর থেকে বের হননি। যারা জরুরি প্রয়োজনে বাইরে বের হয়েছেন, তাদের অধিকাংশকেই ছাতা নিয়ে চলাচল করতে দেখা গেছে। তবে বিকেলের দিকে শহরের বিভিন্ন সড়কে মানুষের উপস্থিতি কিছুটা বাড়ে। বৃষ্টির কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন রিকশা ও অটোরিকশাচালক, ভ্রাম্যমাণ ব্যবসায়ী এবং দৈনিক আয়ের ওপর নির্ভরশীল শ্রমজীবী মানুষ।
শহরের বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীর অপেক্ষায় থাকা সিএনজিচালিত অটোরিকশাচালক আনোয়ার হোসেন গাজী জানান, প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি অন্তত এক থেকে দেড় হাজার টাকা ভাড়া পান। কিন্তু বৃষ্টির কারণে শুক্রবার ৮০০ টাকাও আয় করতে পারেননি।
মিশন রোড এলাকার রিকশাচালক সোলাইমান বলেন, বৃষ্টির কারণে সড়কে লোকজনের চলাচল কম। রিকশায় যাত্রীও তেমন মিলছে না। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তার আয় হয়েছে মাত্র ২০০ টাকা।
একই এলাকার সবজি বিক্রেতা জাহাঙ্গীরও পড়েছেন বিপাকে। বৃষ্টির মধ্যে পলিথিন টানিয়ে সকাল থেকে ক্রেতার অপেক্ষায় বসে থাকলেও বিক্রি হয়েছে খুবই কম। তিনি জানান, সবজি বিক্রি করেই তার সংসার চলে। তাই বৃষ্টি হলেও জীবিকার তাগিদে দোকান নিয়ে বসতে হয়েছে।
চাঁদপুর আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ মো. শোয়েব জানান, প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উপকূলীয় জেলা চাঁদপুরে গত ২৪ ঘণ্টায়, অর্থাৎ শুক্রবার বিকেল ৩টা পর্যন্ত ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শনিবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।




