অগ্রহায়ণের শুরুতেই কুয়াশার চাদরে ঢাকা নওগাঁ

অগ্রহায়ণের শুরুর দিকে প্রকৃতিতে শীতের আমেজ শুরু হয়েছে। কুয়াশার চাদরে ঢেকে গেছে উত্তরের জেলা নওগাঁ। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে জেলার বিভিন্ন এলাকায় ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ায় হেডলাইট জ্বালিয়ে সড়কে যানবাহন চলাচল করতে দেখা গেছে।
নওগাঁর বিভিন্ন জনপদ ঘুরে দেখা যায়, সকাল থেকেই চারপাশ কুয়াশায় আচ্ছন্ন। হঠাৎ এই কুয়াশার কারণে সাধারণ মানুষের দৈনন্দিন চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে। বিশেষ করে খেটে খাওয়া দিনমজুর ও শ্রমিকদের চরম প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে।
নওগাঁর বদলগাছি আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণ অফিসের তথ্য অনুযায়ী, আজ জেলায় সকাল ৬টা ও ৯টায় গড় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
বদলগাছি আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণ অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, অগ্রহায়ণের শুরুতে সকালের দিকে কুয়াশার যে দৃশ্যপট দেখা গেছে, তা মূলত আসন্ন শীতের আগমনী বার্তা বহন করে। সকালের দিকে কুয়াশার ঘনত্ব বেশি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিলবে। শীতের এই প্রাথমিক বার্তায় আজ নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। সকালের দিকে কুয়াশার কারণে শীত অনুভূত হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তাপে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে।
সকালে কাজের উদ্দেশে বের হওয়া দিনমজুর মুকুল আক্ষেপ করে বলেন, এখন দিন ছোট হয়ে এসেছে। তাই জীবিকার তাগিদে খুব ভোরেই কাজের সন্ধানে বের হতে হয়। কিন্তু এ বছর শীতের কোনো আগাম প্রস্তুতি না থাকায় এই ঘন কুয়াশায় কাজে যেতে বেশ কষ্ট হচ্ছে।

