মুন্সীগঞ্জে আগুনে পুড়ল টিনশেড বাড়ি, আসবাবপত্র ছাই

মুন্সীগঞ্জের সিরাজদিখানে অগ্নিকাণ্ডে একটি দোতলা টিনশেড বসতঘর পুড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
রোববার (২২ নভেম্বর) ভোরে উপজেলার উত্তর আবিরপাড়া পালবাড়ি এলাকায় বিষকরম পালের বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে আগুন লাগার খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় ৪৫ মিনিটের প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।
তিনি আরও জানান, ঘরটি কাঠ ও টিন দিয়ে নির্মিত হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক পদক্ষেপে আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়তে পারেনি। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি।




