logo

গাজীপুরে ১১ কারখানা বন্ধ, ছুটি আরও ৬টি

গাজীপুরে ১১ কারখানা বন্ধ, ছুটি আরও ৬টি
ছবি: এশিয়া পোস্ট

শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুরে ১১টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া পরিস্থিতি বিবেচনায় আরও ৬টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গত কয়েক দিনের শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ও উত্তেজনার পর রোববার (১৫ নভেম্বর) সকাল পর্যন্ত শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

রোববার সকালে কালিয়াকৈরের মৌচাক এলাকায় একটি কারখানার সামনে শ্রমিকেরা অবস্থান নেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে শ্রমিকেরা সেখান থেকে সরে যান। এরপর নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন। এর জেরে বিভিন্ন এলাকায় কারখানায় ছুটি ঘোষণা এবং কোথাও কোথাও উৎপাদন বন্ধ রাখা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, গত ১২ নভেম্বর কালিয়াকৈরের মৌচাক, সফিপুর ও আশপাশের শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর ১৪ নভেম্বর কালিয়াকৈরের চন্দ্রা ও পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিকদের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি সদস্যরা তৎপরতা চালান। ওই দিনও কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, শ্রমিক আন্দোলনের কারণে ১১টি কারখানা বন্ধ রয়েছে। এছাড়া আরও ৬টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। সকালে মৌচাক এলাকায় একটি কারখানার সামনে শ্রমিকেরা অবস্থান নিয়েছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে গেলে তারা চলে যান। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।