logo

বাড়ির দরজার সামনে থেকে প্রবাসীর মরদেহ উদ্ধার

বাড়ির দরজার সামনে থেকে প্রবাসীর মরদেহ উদ্ধার
নিহত প্রবাসী রফিকুল ইসলাম তালুকদার।

দিনাজপুরের ঘোড়াঘাটে নিজ বাড়ির দরজার সামনে থেকে রফিকুল ইসলাম তালুকদার (৫০) নামে এক প্রবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) রাত ১২টায় উপজেলার বিরাহিপুর গুচ্ছগ্রামের কশিগাড়ি কাচারি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম ওই এলাকার সাইফুদ্দিন তালুকদারের ছেলে।

বাড়ির দরজার সামনে তার মরদেহ পড়ে থাকতে দেখে ‍নিহতের বড় ভাই সাইদুল ইসলাম। পরে তার চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন।

পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘ ৯ বছর মালয়েশিয়ায় থাকার পর প্রায় দেড় বছর আগে দেশে ফেরেন রফিকুল। ছয় মাস আগে স্ত্রীর সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়। তাদের সংসারে দুই মেয়ে রয়েছে। বিচ্ছেদের পর দুই মেয়েকে নিয়ে তার সাবেক স্ত্রী বাবার বাড়িতে চলে যান। এরপর থেকে রফিকুল নিজ বাড়িতে একাই বসবাস করতেন। তবে নিয়মিত বড় ভাইয়ের বাড়িতে খাবার খেতেন তিনি।

নিহতের বড় ভাই সাইদুল ইসলাম তালুকদার বলেন, ঘটনার দিন রাতে খাবার খেতে না আসায় রফিকুলকে কয়েকবার ফোন করা হয়। কিন্তু তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে তিনি ছোট ভাইয়ের খোঁজ নিতে বাড়িতে যান। এ সময় বাড়ির দরজা খোলা দেখতে পান। আশপাশে এবং বাড়ির পাশের আঙুরবাগানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

সাইদুল ইসলাম জানান, খোঁজাখুঁজি শেষে ফিরে আসার সময় বাড়ির দরজার সামনে ছোট ভাইয়ের মরদেহ পড়ে থাকতে দেখেন। এ সময় তার চিৎকারে স্বজন ও প্রতিবেশীরা ছুটে এসে ঘটনাস্থলে জড়ো হন।

ঘোড়াঘাট-হাকিমপুর থানার দায়িত্বে থাকা বিরামপুর-নবাবগঞ্জ থানার সহকারী পুলিশ সুপার হারেজ উদ্দিন জানান, কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে মনষয়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।