ময়মনসিংহ/ছেলেকে জিম্মি করে মাকে সংঘবদ্ধ ধর্ষণ: আসামির বাড়িতে এলাকাবাসীর হামলা ও ভাঙচুর

ময়মনসিংহের গফরগাঁওয়ে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে জিম্মি করে তার মাকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামির বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার চরআলগী ইউনিয়নের চর কালিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ৯টার দিকে ক্ষুব্ধ এলাকাবাসী মামলার প্রধান আসামি শরীফের বাড়িতে যান। এ সময় তারা বসতঘরের টিনের বেড়া ও চাল ভাঙচুর করেন। পরে খোলা টিনগুলো বাড়ির পাশে স্তূপ করে রাখা হয়। ভাঙচুরের আগেই অবশ্য আসামির পরিবারের সদস্যরা ঘরের মালামাল সরিয়ে নিরাপদ স্থানে সরে যান। প্রায় তিন ঘণ্টা ধরে এই ভাঙচুর চলে।
স্থানীয় বাসিন্দা কবির হোসেন আকন্দ বলেন, প্রধান আসামি শরীফের বাড়িতে ক্ষুব্ধ এলাকাবাসী ভাঙচুর চালিয়েছেন। এমন ন্যক্কারজনক ও লোমহর্ষক ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। আমরা আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানাচ্ছি।
এর আগে, গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে চর কালিবাড়ি এলাকায় ওই প্রবাসীর নির্মাণাধীন বাড়িতে পাঁচ যুবক এসে তার ১৪ বছর বয়সি ছেলের কাছে পানি চান। ওই কিশোর পানি নিয়ে দরজার কাছে এলে যুবকেরা অস্ত্রের মুখে তাকে জিম্মি করে এবং ঘরের বাইরের গাছের সঙ্গে বেঁধে ফেলে। এরপর তারা ঘরে ঢুকে অস্ত্রের মুখে গৃহবধূকে জিম্মি করে আলমারি ভেঙে নগদ প্রায় ৫ লাখ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে। একপর্যায়ে ওই নারীকে তার ছেলের সামনে নিয়ে গিয়ে দলবদ্ধ ধর্ষণ করা হয়।
এ ঘটনায় গত শুক্রবার রাতে নির্যাতিত নারী বাদী হয়ে চর কালিবাড়ি এলাকার শরীফ (২৩), আরিফ (২১), ফাহিম (২২), রাজিব (২৩) ও এনামুলের (২২) নাম উল্লেখ করে গফরগাঁও থানায় মামলা দায়ের করেন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ধর্ষণের ঘটনাটি আসামিদের একজন ভিডিও করেন। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তিন দিনের মধ্যে আরও ২ লাখ টাকা দাবি করা হয়। ঘটনা কাউকে জানালে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়। ডাকাতেরা চলে যাওয়ার পর ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন এবং পুলিশকে খবর দেন।
এদিকে আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে গফরগাঁও প্রেসক্লাবের সামনে ‘চরআলগী ইউনিয়নের সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এ বিষয়ে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান শেখ জানান, প্রধান আসামির বাড়ি ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইন নিজের হাতে না তুলে নিয়ে পলাতক আসামিদের অবস্থান সম্পর্কে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য এলাকাবাসীকে অনুরোধ জানানো হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় ইতোমধ্যে রাজিব নামের এক আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।
