logo

বৈরী আবহাওয়ায় পাটুরিয়া-কাজিরহাট নৌপথে লঞ্চ চলাচল বন্ধ

বৈরী আবহাওয়ায় পাটুরিয়া-কাজিরহাট নৌপথে লঞ্চ চলাচল বন্ধ
বৈরী আবহাওয়ার কারণে ঘাটে অপেক্ষারত যাত্রীরা। ছবি: এশিয়া পোস্ট

মানিকগঞ্জের পাটুরিয়া–কাজিরহাট নৌপথে বৈরী আবহাওয়ার কারণে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সোমবার (২৫ মে) সকাল পৌনে ১১টার দিকে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে ঈদ উপলক্ষে ঘাটে এসে পারাপারের অপেক্ষায় পড়েছেন যাত্রীরা।

বিআইডব্লিউটিএর পাটুরিয়া লঞ্চঘাটের সুপারভাইজার পান্না লাল নন্দী জানান, নদীতে বৈরী আবহাওয়া ও দমকা হাওয়া থাকায় যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া অনুকূলে এলে পুনরায় লঞ্চ চলাচল শুরু করা হবে।

তিনি জানান, পাটুরিয়া–কাজিরহাট নৌপথে মোট ৩২টি লঞ্চ চলাচল করে। তবে বর্তমানে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, লঞ্চ চলাচল বন্ধ থাকায় যাত্রীরা ঘাটে অপেক্ষা করছেন। অনেকেই বিকল্পভাবে ফেরিতে পারাপারের চেষ্টা করছেন।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার ভারপ্রাপ্ত ডিজিএম মো. সালাম হোসেন বলেন, লঞ্চ চলাচল বন্ধ থাকলেও ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। তবে আবহাওয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতির অবনতি হলে ফেরি চলাচল নিয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে।