বৃষ্টিতে বিপর্যস্ত তুলাতলীর বেদে পল্লী, আশ্রয় ও খাবারের সংকট

টানা বৃষ্টি ও ঠান্ডা বাতাসে দুর্ভোগে পড়েছেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার তুলাতলি সেতুসংলগ্ন নদীতীরের বেদে পল্লীর ২৫টি পরিবার। পলিথিন ও ত্রিপল দিয়ে তৈরি ঘরে বৃষ্টির পানি ঢুকে ভিজে গেছে বিছানাপত্র, কাপড়চোপড়সহ সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র। একইসঙ্গে আয়-রোজগার বন্ধ হয়ে যাওয়ায় দেখা দিয়েছে খাবার সংকট।
সরেজমিনে দেখা যায়, নদীর কিনার ঘেঁষে সারি সারি পলিথিন ও ত্রিপল দিয়ে তৈরি ঘর। টানা বৃষ্টিতে ঘরের মাটি কাদায় পরিণত হয়েছে। ছাউনির বিভিন্ন অংশ দিয়ে পানি চুইয়ে পড়ছে। ভিজে গেছে বিছানাপত্র ও কাপড়চোপড়। স্যাঁতসেঁতে পরিবেশের পাশাপাশি শুকনো লাকড়ির অভাবে অনেক পরিবার রান্নাও করতে পারছে না।
বেদে পল্লীর বাসিন্দারা জানান, বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে গত দুই দিন ধরে তাদের দৈনন্দিন কাজকর্ম বন্ধ রয়েছে। কাজ না থাকায় আয়-রোজগারও হচ্ছে না। ফলে পরিবারের সদস্যদের খাবার জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে। অস্থায়ী ঘরে পানি ঢোকায় রাত কাটানোও কঠিন হয়ে পড়েছে।
তারা আরও জানান, শীতের শুরুতে এমন বৈরী আবহাওয়ায় শিশু ও বয়স্কদের নিয়ে বেশি দুশ্চিন্তায় রয়েছেন। ঠান্ডা বাতাস ও স্যাঁতসেঁতে পরিবেশে পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়তে পারেন। বিশেষ করে শিশুদের নিরাপদে রাখার মতো পর্যাপ্ত ব্যবস্থা তাদের নেই।
বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলটন চন্দ্র পাল বলেন, বেদে পল্লীর বাসিন্দাদের দুর্দশার কথা বিবেচনা করে তাদের কাছাকাছি কোনো বিদ্যালয়ে আশ্রয় নিতে বলা হয়েছে। পরিবারগুলোর জন্য শুকনা খাবারের ব্যবস্থাও করা হবে।




