Advertisement

রামুতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৩১ জনের নামে মামলা

এশিয়া পোস্ট নিউজ, কক্সবাজার
রামুতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৩১ জনের নামে মামলা
ছাত্রলীগের ঝটিকা মিছিল। ছবি: সংগৃহীত

কক্সবাজারের রামুতে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল ও মোটরসাইকেল শোডাউনের অভিযোগে ৩১ জনের নাম উল্লেখ করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় আরও ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) রাতে রামু থানার উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ নূরুল আবছার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, গত ২৬ জুলাই বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ জানতে পারে যে, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের পূর্ব মুরাপাড়ার জমজম ফিলিং স্টেশনের সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে সরকারবিরোধী কর্মসূচি পালন করছেন।

জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসেনের নির্দেশে এবং রামু উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তারেক উদ্দিন মিশুক ও এরশাদুল কাউসার সাকিবের নেতৃত্বে নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউন ও মিছিল করেন। এ সময় তারা শেখ হাসিনার ছবি এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ লেখা ব্যানার বহন করে সরকারবিরোধী স্লোগান দেন। তাদের হাতে লাঠিসোঁটাও ছিল। এসব কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং রাষ্ট্রবিরোধী কার্যক্রম পরিচালনার চেষ্টা করা হয়।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, ওই দিন দুপুর ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা মোটরসাইকেলে পালিয়ে যান। যাওয়ার সময় তারা একটি ব্যানার, ১৩টি কাঠের লাঠি এবং ১৯টি ইটের টুকরা ফেলে যান। পরে স্থানীয় তিনজন সাক্ষীর উপস্থিতিতে এসব আলামত জব্দ করে তালিকা প্রস্তুত করে পুলিশ।

ওসি আরও জানান, ঘটনাস্থলের আশপাশের লোকজনের দেওয়া তথ্য ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ৩১ জনকে শনাক্ত করা হয়েছে। তাদের অধিকাংশই ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। মামলায় জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম, রামু উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তারেক উদ্দিন মিশুক, এরশাদুল কাউসার সাকিবসহ মোট ৩১ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি আরও ৩০ থেকে ৪০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে বলে জানান তিনি।

ওসি বলেন, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি অজ্ঞাত আসামিদের পরিচয় শনাক্তের কাজও চলছে।

এদিকে এই ঘটনার প্রতিবাদে রামুতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ছাত্রদল। একই সময়ে রামুতে শোডাউন এবং উখিয়ার পালংখালীতে ছাত্রলীগের কর্মী সমাবেশকে ঘিরে কক্সবাজারের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।