Advertisement

সাংবাদিকদের গরিব রেখে স্বাধীন সাংবাদিকতা অসম্ভব: ফারুক ওয়াসিফ

এশিয়া পোস্ট নিউজ, ‎‎ফেনী
সাংবাদিকদের গরিব রেখে স্বাধীন সাংবাদিকতা অসম্ভব: ফারুক ওয়াসিফ
বক্তব্য দেন পিআইবি’র মহাপরিচালক ফারুক ওয়াসিফ। ছবি: এশিয়া পোস্ট

প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেছেন, সাংবাদিকদের গরীব রেখে স্বাধীন সাংবাদিকতা অসম্ভব। প্রত্যেক সাংবাদিকদের বেতন কাঠামো তাদের নিজেদের মিডিয়া হাউজগুলোর কর্তৃপক্ষকেই নির্ধারণ করা উচিত। জেলার সাংবাদিকদের আপনারা শুধু বিনা বেতনে খাটাবেন তা আর চলতে দেওয়া যায় না।

Advertisement

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে ফেনীর এলজিইডি মিলনায়তনে সাংবাদিকদের এক প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে ‎তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, পৃথিবীতে মাল্টিমিডিয়া ও এআই নিয়েই চলছে আজকের সাংবাদিকতা। তার মধ্যে ‎কিছু আছে অপপ্রচার করে, এরা হচ্ছে ভিউ ব্যবসায়ী। এরা ফেক তথ্য, উত্তেজনা সৃষ্টি হয় এমন তথ্য মোবাইল ক্যামেরা নিয়ে ভিউ বাড়ানোর জন্য প্রচার করে। যাতে প্রকৃত সাংবাদিকতা ফুটে উঠে না।

তিনি আরও বলেন, তথ্যপ্রযুক্তির এই দ্রুত পরিবর্তনের সময়ে সাংবাদিকদের এআই টুলস ব্যবহারের পাশাপাশি তথ্যের সত্যতা যাচাইয়ে আরও দক্ষ হতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুল ও বিভ্রান্তিকর তথ্য শনাক্ত করে নির্ভুল সংবাদ পাঠকের কাছে পৌঁছে দেওয়ার কোনো বিকল্প নেই।

পিআইবি মহাপরিচালক বলেন, ‎পিআইবি হচ্ছে সাংবাদিকদের কেন্দ্রীয় একাডেমি। বিগত ফ্যাসিস্ট সরকার পিআইবিটাকে একেবারে ডুবিয়েছে। আমরা সেখান থেকে পিআইবিকে উত্তরণের চেষ্টা করছি। ‎পিআইবি কাউকে শাস্তি দেয় না, আমরা কারো বিচার করি না। আমরা সাংবাদিকদের গুণগত মান উন্নয়নে কাজ করি। জুলাই কোনো প্রকল্প না। বিগত ১৭ বছরের লুটপাটের পর দেশ একটি নিয়মতান্ত্রিকভাবে ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করেছে এগুলো হচ্ছে জুলাইয়ের সফলতা।

‎​সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জজ কোর্টের পিপি অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খান। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রশিক্ষক ও সমন্বয়ক জিলহাজ উদ্দিন নিপুন, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি একেএম আব্দুর রহিম, দৈনিক অজেয় বাংলা সম্পাদক ও বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি শওকত মাহমুদ ও দৈনিক স্টার লাইন পত্রিকার নির্বাহী সম্পাদক মাঈন উদ্দিন সহ প্রশিক্ষণার্থীবৃন্দ।

‎​পরে অতিথিরা ‎​তিন দিনব্যাপী এই প্রশিক্ষণে ফেনীর বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৪০ জন সংবাদকর্মীর হাতে প্রশিক্ষণ সনদ তুলে দেন।

সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে তিন দিনব্যাপী ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)। অনুষ্ঠানটির সহযোগিতায় ছিল সাংবাদিক ইউনিয়ন ফেনী।