logo

খাটের নিচে পাওয়া গেল ১ কোটি ২০ লাখ টাকার ইয়াবা

খাটের নিচে পাওয়া গেল ১ কোটি ২০ লাখ টাকার ইয়াবা
চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে উদ্ধারকৃত বিপুল পরিমাণ ইয়াবা। ছবি : এশিয়া পোস্ট

চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ২২ হাজার ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২০ লাখ টাকা।

মঙ্গলবার (৬ অক্টোবর) চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের নুরুল্লাপুর এলাকায় মতলব-বাবুরহাট-পেন্নাই সড়কের পাশে আবুল হাশেমের ভাড়া বাসায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান জানান, অভিযানের সময় মাদক কারবারি ফারহান রানার বসতঘরের খাটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া ঘরের ভেতরে থাকা একটি মোটরসাইকেলের ভেতর থেকে আরও ১২০ পিস ইয়াবা জব্দ করা হয়।

তিনি আরও জানান, অভিযানের বিষয়টি টের পেয়ে মূলহোতা ফারহান রানা পালিয়ে যান। ফলে তাকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি। পলাতক ফারহান রানা ও তার সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।