logo

শিক্ষার্থীদের ‘ভুয়া ভুয়া’ স্লোগানে কলেজ ছাড়লেন আমির হামজা

শিক্ষার্থীদের ‘ভুয়া ভুয়া’ স্লোগানে কলেজ ছাড়লেন আমির হামজা
ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করতে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন এমপি আমির হামজা। ছবি: এশিয়া পোস্ট

কুষ্টিয়া সরকারি কলেজে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করতে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজা।

বৃহস্পতিবার (৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে কলেজ ক্যাম্পাসে এই ঘটনা ঘটে। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ‘ভুয়া ভুয়া’ স্লোগান এবং তোপের মুখে একপর্যায়ে পুলিশের সহায়তায় ক্যাম্পাস ত্যাগ করেন তিনি।

প্রত্যক্ষদর্শী ও কলেজ সূত্রে জানা গেছে, সকালে প্রধান অতিথি হিসেবে সরকারি কলেজ মাঠে আন্তঃবিভাগ মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করতে যান মুফতি আমির হামজা। তিনি মঞ্চে বক্তব্য শুরু করলে ‘সাধারণ শিক্ষার্থী’র ব্যানারে একদল ছাত্র সেখানে জড়ো হয়ে তাকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন।

কলেজের গাছ কাটা নিয়ে শিক্ষার্থীদের ক্রমাগত স্লোগানের মুখে এমপি আমির হামজা বলেন, ‘গাছ কে বা কারা কেটেছে সেটা তদন্তের মাধ্যমে বের করা হবে। আমি লেবাস পরে আছি বলে মনে করছেন আমি শুধু হুজুর? আমি হুজুর না। আমি এগুলোর তালিকা নিয়ে যাব আজকে। আমি ভুয়া কি দেখাব আপনাদের। আমি পিএমকে (প্রধানমন্ত্রী) জানাব এই শিক্ষাপ্রতিষ্ঠান নষ্ট করার পেছনে কারা আছে।’

বক্তব্য শেষে এমপি টুর্নামেন্ট উদ্বোধনের জন্য মাঠে প্রবেশ করলে শিক্ষার্থীরা তাকে ঘিরে ধরেন এবং মাঠের মাঝখানে বসে পড়ে বিক্ষোভ করেন। পরিস্থিতি উত্তপ্ত দেখে কলেজের অধ্যক্ষ এমপিকে নিয়ে তার কার্যালয়ে চলে যান। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সেখানেও গিয়ে অবস্থান নেন এবং স্লোগান দিতে থাকেন।

পরে খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একপর্যায়ে পুলিশের কর্ডনে এমপি আমির হামজা অধ্যক্ষের কার্যালয় থেকে বেরিয়ে নিজ গাড়িতে করে ক্যাম্পাস ত্যাগ করেন।

বিক্ষোভকারী শিক্ষার্থীদের দাবি, এমপির নির্দেশেই কলেজের সৌন্দর্যবর্ধনকারী বেশকিছু গাছ কেটে ফেলা হয়েছে, যা সাধারণ ছাত্রছাত্রীরা মেনে নিতে পারছেন না। পরিবেশ ধ্বংসের প্রতিবাদ জানাতেই তারা এই স্লোগান দিয়েছেন।

ঘটনার পর আমির হামজার ভেরিফায়েড ফেসবুক পেজে ‘এডমিন’ পরিচয়ে একটি স্ট্যাটাস দেওয়া হয়। সেখানে দাবি করা হয়, কুষ্টিয়া সরকারি কলেজ পরিদর্শনকালীন সময়ে মাননীয় সংসদ সদস্য মুফতি আমির হামজাকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদলের নেতাকর্মীরা।’

তবে সাধারণ শিক্ষার্থীরা এই রাজনৈতিক সংশ্লিষ্টতার দাবি প্রত্যাখ্যান করেছেন।

এ বিষয়ে বক্তব্য জানতে সংসদ সদস্য মুফতি আমির হামজাকে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, খবর পেয়ে ফোর্স নিয়ে আমরা অধ্যক্ষের কার্যালয়ে যাই। সেখানে এমপি অধ্যক্ষের সঙ্গে আলাপ করছিলেন। তাকে অবরুদ্ধ করে রাখার বিষয়টি সঠিক নয়। তিনি আমাদের সঙ্গেই স্বাভাবিকভাবে কার্যালয় থেকে বেরিয়ে ক্যাম্পাস ত্যাগ করেছেন।