ফল প্রকাশের পর অধ্যক্ষের বাড়িতে হামলার অভিযোগ

দাখিল পরীক্ষার ফল প্রকাশের পর চাঁদপুরে ভোলদিঘি কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেনের বাড়িতে হামলা ও গালাগালের অভিযোগ উঠেছে।
সোমবার (১০ আগস্ট) দুপুরে নিজের ফেসবুক আইডিতে লাইভ করে বাড়িতে হামলার অভিযোগ করেন অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন। এ ঘটনায় পাঁচ শিক্ষার্থীকে দায়ী করেছেন তিনি।
তবে পুলিশের যাচাইয়ে দেখা গেছে, অভিযুক্ত পাঁচ শিক্ষার্থীর সবাই দাখিল পরীক্ষায় কৃতকার্য হয়েছে। এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগও করেননি অধ্যক্ষ।
অধ্যক্ষের অভিযোগ, দাখিল পরীক্ষার ফল প্রকাশের পর নোয়াগাঁও, দেবকরা ও নিজমেহার গ্রামের কয়েকজন শিক্ষার্থী তার বাড়িতে গিয়ে হামলা চালায়। এসময় তিনি ও তার মাকে উদ্দেশ করে অশালীন ভাষায় গালাগাল করা হয়েছে বলেও দাবি করেন তিনি। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনের কাছে বিচার দাবি করেন তিনি।
অধ্যক্ষের ফেসবুক লাইভটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি শাহরাস্তি মডেল থানা পুলিশের নজরে আসে। এরপর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান ঘটনাস্থলে গিয়ে অধ্যক্ষের সঙ্গে কথা বলেন।
পুলিশের কাছে অধ্যক্ষ ওই পাঁচ শিক্ষার্থীকে ঘটনার জন্য দায়ী করেন। তবে পরে পুলিশ তাদের দাখিল পরীক্ষার ফলাফল যাচাই করে জানতে পারে, অভিযুক্ত পাঁচ শিক্ষার্থীর কেউই পরীক্ষায় অকৃতকার্য হয়নি।
এদিকে অভিযোগের বিষয়ে জানতে অধ্যক্ষের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ হয়নি।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান এশিয়া পোস্টকে বলেন, ঘটনার জন্য যে পাঁচ শিক্ষার্থীকে দায়ী করা হয়েছে, তাদের সবাই পরীক্ষায় কৃতকার্য হয়েছে। এ ঘটনায় অধ্যক্ষ থানায় কোনো লিখিত অভিযোগ করেননি।
শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এশিয়া পোস্টকে বলেন, আমি বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত।
.png)

