logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

গাজীপুরে আজও মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

গাজীপুরে আজও মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
গাজীপুরে আজও মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। ছবি: এশিয়া পোস্ট

গাজীপুরের শ্রীপুরে বেতন বাড়ানোর দাবিতে ফের মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন শ্রমিকরা। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুরের শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, সোমবার সকালে শ্রীপুরের শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরে কর্মবিরতি পালন করেন। পরিস্থিতি বিবেচনায় ৮ থেকে ১০টি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। ছুটি পেয়ে বেশির ভাগ কারখানার শ্রমিক বাড়িতে চলে যান। কিন্তু বেলা সাড়ে ১০টার দিকে শ্রীপুর-গড়গড়িয়া মাস্টারবাড়ি সড়ক থেকে কয়েকশ শ্রমিক লাঠিসোঁটা হাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এ সময় দায়িত্বে থাকা আনসার ব্যাটালিয়নের সদস্য, গাজীপুর শিল্প পুলিশ ও গাজীপুর জেলা পুলিশের সদস্যরা তাদের মহাসড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। তবে শ্রমিকরা সেই অনুরোধ উপেক্ষা করে মহাসড়কে অবস্থান নিয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।

Advertisement

ছবি: এশিয়া পোস্ট
ছবি: এশিয়া পোস্ট

এ সময় পুলিশ তাদের ধাওয়া দিয়ে সাউন্ড গ্রেনেড ছুড়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। পরে শ্রমিকরা মহাসড়কের আশপাশের গলিতে অবস্থান নিয়ে আবারও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। একপর্যায়ে পুলিশ টিয়ার শেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে শ্রমিকরা বিক্ষোভ করতে থাকেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে আজ সাতটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। ৩০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। বাকি কারখানাগুলোতে উৎপাদন স্বাভাবিক রয়েছে। শ্রমিক অসন্তোষের কারণে শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারা মোতাবেক এসব কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় শ্রমিকরা অবস্থান নেওয়ার চেষ্টা করেছিলেন। পরে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। শিল্পাঞ্চলের নিরাপত্তা রক্ষা ও বিশৃঙ্খলা রোধে জেলা প্রশাসনের ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, ১৩ প্লাটুন বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্তসংখ্যক সদস্য মোতায়েন রয়েছেন।