যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্প/একই প্রকল্পে যশোরে ক্ষতিপূরণ, ঝিনাইদহে অনিশ্চয়তা

যশোর-ঝিনাইদহ মহাসড়ক ছয় লেনে উন্নীত করার কাজ চলছে। এ প্রকল্পের আওতায় জমি ও স্থাপনার মালিকেরা ক্ষতিপূরণ পেলেও অনিশ্চয়তায় রয়েছেন ঝিনাইদহের কালীগঞ্জ অংশের দোকানমালিক, ব্যবসায়ী, শ্রমিক ও কর্মচারীরা।
তাদের অভিযোগ, একই প্রকল্পের আওতায় যশোর অঞ্চলের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও তাদের কর্মচারীরা ক্ষতিপূরণ পেলেও ঝিনাইদহের ব্যবসায়ীরা বঞ্চিত হচ্ছেন। দীর্ঘদিন ধরে আবেদন, সংবাদ সম্মেলন, মানববন্ধন, সড়ক অবরোধ এমনকি উচ্চ আদালতের দ্বারস্থ হয়েও তারা কোনো সমাধান পাননি।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও শ্রমিকদের দাবি, প্রকল্পের প্রাথমিক পর্যায়ে তাদের ব্যবসায় বিনিয়োগের পরিমাণ, আয়-ব্যয়, কর্মচারীর সংখ্যা ও বেতনের তথ্য সংগ্রহের পাশাপাশি ভিডিও ধারণ করা হয়েছিল। তখন ক্ষতিপূরণের আশ্বাসও দেওয়া হয়। কিন্তু এখন পর্যন্ত তাদের ক্ষতিপূরণ বা পুনর্বাসনের বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। অন্যদিকে জমি ও স্থাপনার মালিকেরা অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেও ভাড়াটিয়া ব্যবসায়ী ও তাদের প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক-কর্মচারীরা রয়েছেন অনিশ্চয়তায়।
ক্ষতিগ্রস্ত দোকান ব্যবসায়ী ও শ্রমিক ঐক্য আন্দোলনের কালীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক আনোয়ার হোসেন বলেন, তারা বছরের পর বছর ধরে মহাসড়কের পাশে ভাড়া দোকানঘরে ব্যবসা করে পরিবার চালিয়ে আসছেন। অনেক ব্যবসায়ী ব্যাংক ও সমিতি থেকে ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করছেন। প্রকল্পের শুরুতে তাদের তথ্য সংগ্রহ করে ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয়েছিল। অথচ এখন জমির মালিকেরা ক্ষতিপূরণ পেলেও ব্যবসায়ীরা অনিশ্চয়তায় রয়েছেন।
আনোয়ার হোসেন বলেন, একই প্রকল্পে যশোরের ব্যবসায়ীরা ক্ষতিপূরণ পেলে ঝিনাইদহের ব্যবসায়ীরা কেন পাবেন না? প্রায় ১ হাজার ৫০০ পরিবারের জীবন-জীবিকা এসব ব্যবসার সঙ্গে জড়িত। ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত না করে তাদের উচ্ছেদ করা হলে পরিবারগুলো পথে বসবে।
আন্দোলন কমিটির যুগ্ম আহ্বায়ক বায়োজিদ বোস্তামী বলেন, তারা কোনো অন্যায্য দাবি করছেন না। প্রচলিত আইন এবং একই প্রকল্পে যশোর অঞ্চলের ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দেওয়ার নজির অনুযায়ী ন্যায্য পাওনা চাইছেন। এ জন্য একাধিকবার জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন এবং শুনানিতেও অংশ নিয়েছেন। সংবাদ সম্মেলন, মানববন্ধন ও সড়ক অবরোধ করেও কর্তৃপক্ষের কাছ থেকে সুনির্দিষ্ট সিদ্ধান্ত পাননি।
বায়োজিদ বোস্তামী বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও শ্রমিকদের তালিকাভুক্ত করে ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। দাবি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ব্যবসাপ্রতিষ্ঠান উচ্ছেদ করা যাবে না।
আন্দোলন কমিটির নির্বাহী সদস্য শামসুল আলম জুয়েল বলেন, ২০২২ সালে প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের ব্যবসায় বিনিয়োগ, আয়-ব্যয়, কর্মচারীর সংখ্যা ও বেতনের তথ্য সংগ্রহ করেছিলেন। এতে তারা ক্ষতিপূরণ পাওয়ার বিষয়ে আশাবাদী হয়েছিলেন। ২০২৫ সালের ১৭ আগস্ট প্রথমবার জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেন তারা। এরপর একই বছরের ২৩ নভেম্বর আবার আবেদন করা হয়। ভূমি অধিগ্রহণ কর্মকর্তার কার্যালয়ে শুনানিতেও অংশ নিয়েছেন। কিন্তু এত দিনেও তাদের দাবির বিষয়ে কার্যকর কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
জানা গেছে, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পক্ষে ২০২৫ সালের ১৭ আগস্ট শামসুল আলম জুয়েল জেলা প্রশাসকের কাছে প্রথম আবেদন করেন। পরে ২৩ নভেম্বর আন্দোলন কমিটির আহ্বায়ক আনোয়ার হোসেন পুনরায় আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ভূমি অধিগ্রহণ কর্মকর্তার কার্যালয় থেকে তাদের শুনানিতে ডাকা হয়। ২০২৫ সালের ৩ নভেম্বর অনুষ্ঠিত শুনানিতে ব্যবসায়ীরা স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুমদখল আইন, ২০১৭-এর বিভিন্ন ধারা উল্লেখ করে ক্ষতিপূরণের দাবি জানান। তবে তাদের অভিযোগ, শুনানির পরও এ বিষয়ে কোনো সুস্পষ্ট লিখিত সিদ্ধান্ত দেওয়া হয়নি।
সর্বশেষ চলতি বছরের ১৬ জুলাই আন্দোলন কমিটির যুগ্ম আহ্বায়ক বায়োজিদ বোস্তামীসহ ১০ জন ব্যবসায়ী ও শ্রমিক জেলা প্রশাসকের কাছে আবেদন করেন। এতে স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুমদখল আইন, ২০১৭ অনুযায়ী ক্ষতিপূরণ ও পুনর্বাসন, বর্তমান বাজারমূল্য বিবেচনা এবং ক্ষতিপূরণের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উচ্ছেদ কার্যক্রম স্থগিত রাখার দাবি জানানো হয়।
ব্যবসায়ীদের দাবি, তাদের ক্ষতিপূরণের বিষয়টি নিয়ে উচ্চ আদালতে রিট করা হয়েছে। গত ২০ আগস্ট ২০২৬ তারিখে উচ্চ আদালতের দেওয়া রায় বাস্তবায়নের দাবিও জানিয়েছেন তারা।
গত ২ নভেম্বর ক্ষতিপূরণের দাবিতে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেন ব্যবসায়ী ও শ্রমিকেরা। সকাল ১০টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। তাদের দাবির বিষয়ে আশ্বস্ত করে এক মাসের মধ্যে ফলাফল জানানোর প্রতিশ্রুতি দেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। তার আশ্বাসে অবরোধ তুলে নেন তারা। তবে আন্দোলনকারীদের অভিযোগ, প্রতিশ্রুত সময়সীমা শেষ হওয়ার পথে থাকলেও এখনও কোনো চূড়ান্ত ফলাফল বা লিখিত সিদ্ধান্ত পাননি তারা।
ব্যবসায়ী ও শ্রমিকদের আশঙ্কা, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা না করে তাদের ব্যবসাপ্রতিষ্ঠান সরিয়ে দেওয়া হলে প্রায় ১ হাজার ৫০০ পরিবারের জীবিকা সংকটে পড়বে। তাদের প্রশ্ন, একই প্রকল্পের আওতায় যশোর অঞ্চলের ব্যবসায়ী ও কর্মচারীরা ক্ষতিপূরণ পেলে ঝিনাইদহের মানুষ কেন সেই সুবিধা থেকে বঞ্চিত হবেন?
ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা বলছেন, উন্নয়নকাজের বিরোধিতা করা তাদের উদ্দেশ্য নয়। তবে উন্নয়নের নামে দীর্ঘদিনের জীবিকা হারিয়ে তারা পথে বসতে চান না। তাই বৈষম্য দূর করে দ্রুত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের সিদ্ধান্ত চান তারা। দাবি পূরণ না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ী ও শ্রমিকেরা।
ইউএনও রেজওয়ানা নাহিদ বলেন, গত ২ নভেম্বর সড়কের পাশের ব্যবসায়ী ও কর্মচারীরা কালীগঞ্জ বাসস্ট্যান্ডে মানববন্ধন ও সড়ক অবরোধ করেন। ওই সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের আশ্বস্ত করা হয়েছিল। বিষয়টি জেলা প্রশাসককেও অবহিত করা হয়েছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয় থেকে কোনো নির্দেশনা পাননি তিনি।
ইউএনও আরও বলেন, ব্যবসায়ী ও শ্রমিকদের পক্ষ থেকে উচ্চ আদালতে একটি রিট আবেদন করা হয়েছিল বলে তিনি শুনেছেন। ওই রিটের পরিপ্রেক্ষিতে আদালত তাদের পক্ষে রায় দিয়েছেন বলেও জেনেছেন। তবে রায়ের লিখিত কপি এখনো তার হাতে পৌঁছায়নি। এ বিষয়ে ব্যবসায়ী ও শ্রমিক নেতাদের জেলা প্রশাসকের কার্যালয়ের অধিগ্রহণ শাখায় যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন তিনি।
ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি উই কেয়ার প্রকল্পসংশ্লিষ্ট কর্তৃপক্ষের এখতিয়ারভুক্ত। প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি তদারকি করছেন। এ বিষয়ে জেলা প্রশাসনের সরাসরি করণীয় নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষই বিষয়টি দেখভাল করবে।



