লক্ষ্মীপুরে চার দিন ধরে নিখোঁজ ৬ষ্ঠ শ্রেণির দুই শিক্ষার্থী

লক্ষ্মীপুরের রায়পুরে স্কুল ও মাদরাসায় যাওয়ার পথে নিখোঁজ দুই শিক্ষার্থী ইকরামুল হাসান মিনহাজ (১৪) ও আরাফাত আজিমের সন্ধান চার দিনেও মেলেনি। তবে নিখোঁজ হওয়ার পর তারা চট্টগ্রামে অবস্থান করেছিল বলে তথ্য পেয়েছে পুলিশ। ইমো স্টোরিতে চট্টগ্রামের সিআরবি এলাকায় তোলা ছবি দেওয়ার পর তাদের মোবাইল ফোনের সর্বশেষ অবস্থান চট্টগ্রাম কোতোয়ালি থানা এলাকায় শনাক্ত হয়। এরপরই মোবাইল নম্বর দুটি বন্ধ পাওয়া যায়।
পুলিশ বলছে, মোবাইল ফোনের সর্বশেষ অবস্থানসহ অন্যান্য তথ্য বিশ্লেষণ করে দুই শিক্ষার্থীর সন্ধানে কাজ চলছে। একই সঙ্গে পরিবারের সদস্যরাও চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় খোঁজখবর করছেন।
চার দিন ধরে দুই শিক্ষার্থীর সন্ধান না পাওয়ায় তাদের পরিবারে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। তারা কীভাবে চট্টগ্রামে গেল, কার সঙ্গে ছিল এবং বর্তমানে কোথায় রয়েছে—এসব প্রশ্নের উত্তর খুঁজছে পরিবার ও পুলিশ।
পরিবারের সদস্যরা জানান, রোববার (২০ সেপ্টেম্বর) সকালে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় তারা। এরপর আর বাড়িতে ফেরেনি। তারা দুজনই ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী এবং পরস্পরের বন্ধু।
নির্ধারিত সময়ে বাড়িতে না ফেরায় প্রথমে আত্মীয়স্বজন, বন্ধু ও পরিচিতদের কাছে খোঁজ নেওয়া হয়। পরে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান না পাওয়ায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
নিখোঁজ আরাফাতের এক স্বজন বলেন, ও প্রতিদিনের মতো স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল। এরপর আর ফিরে আসেনি। কোথায় গেছে, কার সঙ্গে গেছে—আমরা কিছুই জানি না। এখন শুধু ছেলেটাকে নিরাপদে ফিরে পাওয়ার অপেক্ষায় আছি।
মিনহাজের এক স্বজন বলেন, দুই বন্ধু একসঙ্গে বের হয়েছে। পরে জানতে পারি তারা চট্টগ্রামে আছে। কিন্তু কীভাবে সেখানে গেল, কার সঙ্গে আছে—এসব আমরা জানি না। মোবাইল বন্ধ পাওয়ায় আমাদের দুশ্চিন্তা আরও বেড়েছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, ওদের সর্বশেষ লোকেশন চট্টগ্রাম কোতোয়ালি থানা এলাকায় দেখিয়েছে। তারা দুজন বন্ধু। একজন মাদরাসায় আর অন্যজন হাইস্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ে।
ওসি আরও বলেন, নিখোঁজ হওয়ার পর তারা ইমো স্টোরিতে ছবি দিয়েছিল। সেখানে চট্টগ্রামের সিআরবি এলাকায় থাকার বিষয়টি দেখা যায়। পরে তাদের মোবাইলের লোকেশন চট্টগ্রাম কোতোয়ালি থানা এলাকায় শনাক্ত হয়। এরপর নম্বর দুটি বন্ধ পাওয়া যায়।
