ইসলাম ধর্ম গ্রহণ করে লক্ষ্মীপুরের সুমাইয়াকে বিয়ে করলেন চীনা যুবক

ভালোবাসার টানে সুদূর চীন থেকে বাংলাদেশের লক্ষ্মীপুরে এসেছেন চীনা নাগরিক ফাং ওয়েনজুন। লক্ষ্মীপুরের তরুণী সুমাইয়া আক্তারের সঙ্গে ভালোবাসার সম্পর্ক থেকে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। বিয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম রেখেছেন আব্দুর রহমান। ভিন্ন দেশ, ভাষা ও সংস্কৃতির ব্যবধান পেরিয়ে তাদের এই সম্পর্ক এলাকায় কৌতূহলের সৃষ্টি করেছে।
নথিপত্র অনুযায়ী, চীনের জিয়াংসু প্রদেশের নাগরিক ফাং ওয়েনজুন গত ১৮ নভেম্বর ২০২৬ তারিখে লক্ষ্মীপুরে নোটারি পাবলিকের সামনে ইসলাম ধর্ম গ্রহণের বিষয়ে হলফনামা দেন। সেখানে তিনি উল্লেখ করেন, কোনো ধরনের চাপ বা জোরজবরদস্তি ছাড়াই সম্পূর্ণ স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণের পর তার নতুন নাম হয়েছে আব্দুর রহমান। তবে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রে আগের নাম ফাং ওয়েনজুন বহাল রয়েছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, তরুণী সুমাইয়ার বাবার নাম মুক্তার হোসেন এবং মায়ের নাম তাসলিমা আক্তার। তাদের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর এলাকার চরবুতা গ্রামে। তিন ভাইয়ের একমাত্র বোন সুমাইয়া। বিয়ের পর তিনি নানার বাড়িতে বেড়াতে এসেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, চীনা নাগরিক আব্দুর রহমানের সঙ্গে সুমাইয়ার বিয়ে হয়েছে। তবে তাদের পরিচয়, প্রেমের সম্পর্কের শুরু এবং বিয়ের বিস্তারিত বিষয়ে দুজনের বক্তব্য পাওয়া গেলে বিষয়টি আরও স্পষ্ট হবে।
দুই দেশের ভিন্ন ভাষা ও সংস্কৃতির মানুষ হয়েও একসঙ্গে জীবন গড়ার স্বপ্ন দেখছেন তারা। চীন থেকে হাজার মাইল পেরিয়ে লক্ষ্মীপুরে এসে নতুন পরিচয়ে জীবন শুরু করা এই যুবককে ঘিরে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।





