গাজীপুরে ৯ ফুট লম্বা অজগর উদ্ধার

গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া ট্রাকস্ট্যান্ড এলাকা থেকে ৯ ফুট লম্বা ও ৯ কেজি ওজনের একটি বার্মিজ পাইথন প্রজাতির অজগর উদ্ধার করেছে বন বিভাগ। উদ্ধারের পর সাপটিকে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের অজগর বেষ্টনীতে অবমুক্ত করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হোতাপাড়া ট্রাকস্ট্যান্ড এলাকা থেকে অজগরটি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন বন্যপ্রাণী পরিদর্শক নিগার সুলতানা।
সাফারি পার্কের ওয়াইল্ডলাইফ স্কাউট মোস্তাফিজ রহমান জানান, স্থানীয় বাসিন্দা আব্দুস সামাদ খন্দকার বন বিভাগকে ফোন করে হোতাপাড়া ট্রাকস্ট্যান্ড এলাকায় একটি বড় সাপ থাকার খবর দেন। খবর পেয়ে বন্যপ্রাণী পরিদর্শক নিগার সুলতানার নির্দেশনায় দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, অজগরটি যাওয়ার সময় স্থানীয় কয়েকজন বাসিন্দা দেখতে পান। পরে এটি রাস্তা পার হওয়ার সময় কয়েকজন মিলে আটকে রাখেন। খবর পেয়ে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করেন।
বন্যপ্রাণী পরিদর্শক নিগার সুলতানা বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে দ্রুত ঘটনাস্থলে গিয়ে অজগরটি উদ্ধারের নির্দেশ দেওয়া হয়। নির্দেশনা অনুযায়ী সাপটি উদ্ধার করা সম্ভব হয়েছে। এটি বার্মিজ পাইথন প্রজাতির অজগর। দৈর্ঘ্য প্রায় ৯ ফুট এবং ওজন ৯ কেজি। বর্তমানে সাপটিকে সাফারি পার্কের অজগর বেষ্টনীতে রাখা হয়েছে।
গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. তারেক রহমান জানান, উদ্ধারের পর রাতেই অজগরটি সাফারি পার্কে নিয়ে আসা হয়েছে। বার্মিজ পাইথন বিষহীন ও গাঢ় রঙের হয়। এর পিঠে কালো কিনারাযুক্ত বাদামি ছোপ ছোপ দাগ রয়েছে। বন্য পরিবেশে এ প্রজাতির অজগর সাধারণত ১৬ ফুট (প্রায় ৫ মিটার) পর্যন্ত লম্বা হতে পারে।
তিনি আরও জানান, বার্মিজ পাইথন দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে পাওয়া যায়। বিশেষ করে ভারতীয় উপমহাদেশ, দক্ষিণ-পূর্ব নেপাল, পশ্চিম ভুটান, দক্ষিণ-পূর্ব বাংলাদেশ, মিয়ানমার, থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া ও ভিয়েতনামে এদের বিচরণ রয়েছে। এ প্রজাতির অজগর সাধারণত তৃণভূমি, জলাভূমি, বিল, পাথুরে বনভূমি, নদীসংলগ্ন খোলা জায়গা ও জঙ্গলে বসবাস করে।
