logo

ইনানীতে গ্যাসকূপে বিস্ফোরণে বাপেক্সের ৭ সদস্য আহত

ইনানীতে গ্যাসকূপে বিস্ফোরণে বাপেক্সের ৭ সদস্য আহত
বাপেক্সের তিন আহত সদস্য। ছবি কোলাজ: এশিয়া পোস্ট

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি গ্যাসকূপে বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানির (বাপেক্স) সাত সদস্য আহত হয়েছেন।

রোববার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

Advertisement

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাপেক্সের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) ড. আব্দুস ছালাম বলেন, সম্প্রতি গ্যাসকূপের আগুন নিয়ন্ত্রণে আনার পর সেখানে জরিপের (সার্ভে) কাজ চলছিল। এ সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং আগুনের কুণ্ডলী বেরিয়ে আসে। এতে বাপেক্সের সাত সদস্য আহত হন।

আহতদের মধ্যে বাপেক্সের ডিজিএম রাকিবুল হাসান, রিগ মেকানিক ফিরোজ আহমেদ এবং মোহাম্মদ জনি রয়েছেন। তাদের মধ্যে চারজন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন এবং বাকি তিনজন এখনও চিকিৎসাধীন।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সুবক্তগীন মাহমুদ সোহেল বলেন, দগ্ধ তিনজনের মুখমণ্ডল, বাহু, বুকে ৩ শতাংশ পুড়ে গেছে। তারা হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকি চারজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

গত ২৭ অক্টোবর ইনানীর ছোট ব্রিজ এলাকায় গভীর নলকূপ স্থাপনের সময় গ্যাস উদ্‌গীরণ শুরু হয়। একপর্যায়ে বৈদ্যুতিক তার থেকে আগুন ধরে যায়। টানা ৩১ দিন ধরে জ্বলতে থাকা আগুন বিশেষ কারিগরি পদ্ধতিতে নিয়ন্ত্রণে আনা হয়। এরপর সেখানে জরিপের কাজ শুরু করা হয়েছিল।