logo

৩২ বছর পর দখলমুক্ত শ্যামনগরের জেলেখালি খাল

৩২ বছর পর দখলমুক্ত শ্যামনগরের জেলেখালি খাল
জেলেখালি ত্রিপানি মাধ্যমিক বিদ্যালয়ে স্থানীয়দের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে খালটি উন্মুক্ত করার ঘোষণা দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামান। ছবি: এশিয়া পোস্ট

দীর্ঘ ৩২ বছর পর অবশেষে দখলমুক্ত হলো সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলেখালি সরকারি খাল। শুক্রবার (২০ নভেম্বর) জেলেখালি ত্রিপানি মাধ্যমিক বিদ্যালয়ে স্থানীয়দের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খালটি উন্মুক্ত করার ঘোষণা দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামান।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্বাচনি ইশতেহার অনুযায়ী দেশব্যাপী খাল পুনঃখনন ও দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। শ্যামনগর উপজেলাতেও পর্যায়ক্রমে খাল পুনঃখনন ও দখলমুক্ত করা হবে। জেলেখালি খাল সবার জন্য উন্মুক্ত থাকবে। এখন থেকে ‘জাল যার, জলা তার।’

Advertisement

তিনি আরও বলেন, সরকারি খাল কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তিগত সম্পত্তি নয়। খালের স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত করা এবং জনসাধারণের অধিকার রক্ষা করা সবার দায়িত্ব।

স্থানীয় সূত্রে জানা যায়, জনস্বার্থে বেসরকারি উন্নয়ন সংস্থা সিএনআরএসের মাধ্যমে জেলা ও উপজেলা প্রশাসনের অনুমোদন নিয়ে জেলেখালি খালটি পুনঃখনন করা হয়। তবে পুনঃখননের পরও খালের একটি অংশ পুনরায় অবৈধভাবে দখল করে বাঁধ দিয়ে মাছ চাষের অভিযোগ ওঠে। এতে খালের পানিপ্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় এবং বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন নিয়ে নতুন করে ভোগান্তির আশঙ্কা দেখা দেয়।

স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে সরকারি খালের জায়গা দখল করে অনুমোদনহীনভাবে মাছ চাষ করে আসছিল। বিষয়টি নিয়ে এলাকাবাসী ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়। প্রশাসনের পক্ষ থেকেও সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়।

সমস্যা সমাধানে এলাকাবাসী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামানের শরণাপন্ন হন। এর পরিপ্রেক্ষিতে তিনি জেলেখালি খালটি দখলমুক্ত করে জনসাধারণের জন্য উন্মুক্ত করার উদ্যোগ নেন।