logo

হেমন্তে নতুন ধান ঘরে তোলার প্রস্তুতি, তবুও লোকসানের শঙ্কায় কৃষকরা

হেমন্তে নতুন ধান ঘরে তোলার প্রস্তুতি, তবুও লোকসানের শঙ্কায় কৃষকরা
নতুন ধান ঘরে তোলার প্রস্তুতি। ছবি: এশিয়া পোস্ট

হেমন্তের ভোরে শিশিরভেজা ঘাস, হালকা কুয়াশা আর মিষ্টি রোদ প্রকৃতির এই পরিবর্তনই জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। মাঠে মাঠে পাকা ধানের সোনালি শীষ, ঘরে ঘরে নতুন ধান তোলার প্রস্তুতি। অন্যদিকে খেজুরের রস সংগ্রহ ও পিঠা-পায়েস তৈরির অপেক্ষায় গ্রামীণ জনপদ সব মিলিয়ে টাঙ্গাইলে বইছে হেমন্তের উৎসবের আমেজ। তবে কৃষি উপকরণের সার ও কীটনাশকের দাম বৃদ্ধিতে লোকসানের শঙ্কায় রয়েছেন কৃষকরা।

টাঙ্গাইলের বিস্তীর্ণ মাঠজুড়ে এখন দোল খাচ্ছে পাকা ধানের সোনালি শীষ। কোথাও চলছে ধান কাটার প্রস্তুতি, আবার কোথাও নতুন ধান কেটে রোদে শুকিয়ে ঘরে তুলছেন কৃষক-কৃষাণীরা। নতুন ধান ঘরে তোলাকে কেন্দ্র করে গ্রামীণ জনপদে শুরু হয়েছে নবান্নের উৎসব।

Advertisement

কৃষাণীরা বলছেন, নতুন ধান ঘরে তোলার পর তা দিয়ে তৈরি করবেন বিভিন্ন ধরনের পিঠা-পায়েস। শীতের এই সময়টাতে তাদের ঘরে ঘরে থাকে উৎসবের আমেজ। নাতি-নাতনি, ছেলে-মেয়েদের জন্য নানা ধরনের পিঠা তৈরি করেন তারা। এভাবেই প্রজন্মের পর প্রজন্ম ধরে গ্রামীণ ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করছেন।

কৃষক আনিসুর রহমান বলেন, নতুন ধান ঘরে তোলার সময়টি তাদের কাছে আনন্দের উৎসব। নতুন ধান দিয়ে বিভিন্ন ধরনের পিঠা-পায়েস তৈরি করা হয়। অবশিষ্ট ধানের কিছু অংশ বিক্রি করেন, আর বাকিটা পরিবারের খাবারের জন্য সংরক্ষণ করে রাখেন।

মেলা প্রেমী লাবণ্য আক্তার বলেন, বছরের একবারই এমন আনন্দ উপভোগের সুযোগ আসে। মেলায় এসে নাগরদোলা, বিভিন্ন রাইড ও বাহারি খাবার উপভোগ করতে পেরে খুবই ভালো লাগছে। পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে এমন আনন্দের মুহূর্ত উপভোগ করতে পেরে তারা আনন্দিত।

অন্যদিকে শীতের আগমনী বার্তার সঙ্গে খেজুরের রস সংগ্রহের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েছেন গাছিরা। ভোরের মিষ্টি আলো ফোটার আগেই খেজুরগাছ থেকে রস সংগ্রহের প্রস্তুতি নিচ্ছেন তারা। খেজুরগাছি রহমত আলী বলেন, শীত মৌসুমে খেজুরের রস সংগ্রহ তাদের ঐতিহ্যবাহী পেশা। এ সময় রস সংগ্রহ করে বিক্রির পাশাপাশি গুড় তৈরিরও প্রস্তুতি নেন তারা।

তবে হেমন্তের আগমন উপলক্ষে কৃষকের আনন্দ-উৎসবের আড়ালে লুকিয়ে রয়েছে কিছু গ্লানি। সার, কীটনাশকসহ কৃষি উপকরণের দাম বৃদ্ধি পাওয়ায় বেড়েছে উৎপাদন খরচ। ফলে নতুন ধান ঘরে তুলেও কাঙ্ক্ষিত লাভ পাওয়া নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা।

কৃষক আব্দুল কাদের মোল্লা বলেন, আমন ধানের ফলন ভালো হয়েছে কিন্তু বর্তমানে সার ও কীটনাশকের দাম বৃদ্ধিতে লোকসানের মুখে পড়েছেন।