সীমান্ত দিয়ে আ.লীগের অনুপ্রবেশ প্রতিহত করা হবে: প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, গণঅভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের একটি অংশ অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে। সীমান্ত দিয়ে তাদের অনুপ্রবেশ প্রতিহত করা হবে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটে সীমান্তবর্তী ভুবনকুড়া ইউনিয়নের তেলিখালি ও মাজরাকুড়া বাজারে পৃথক দুটি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে উপজেলার ভুবনকুড়া ইউনিয়ন বিএনপি এই কর্মসূচির আয়োজন করে।
প্রিন্স বলেন, বাংলাদেশের জনগণ দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও রক্তের বিনিময়ে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করেছে। জনগণের সেই অর্জন নস্যাৎ করতে কেউ যদি দেশের বাইরে থেকে উসকানি দিয়ে দেশের ভেতরে অরাজকতা সৃষ্টি এবং সীমান্তে অস্থিরতা তৈরির অপচেষ্টা চালায়, তাহলে তা রাষ্ট্রদ্রোহী তৎপরতা হিসেবে বিবেচিত হবে।
তিনি বলেন, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি অংশ বাংলাদেশে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের অভিযোগের বিষয়ে ভারত সরকারের দৃশ্যমান অবস্থান ও কার্যকর পদক্ষেপ না থাকার বিষয়টি উদ্বেগজনক।
তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করতে চাই না যে, ভারত সরকার তাদের দেশে পালিয়ে থাকা হত্যা, গুম, খুনের মামলার আসামি এবং লুটেরা ও দুর্নীতিবাজদের বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির কোনো তৎপরতায় প্রশ্রয় দিচ্ছে। আশা করি, ভারত সরকার এসব অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করবে এবং তাদের ভূখণ্ড বাংলাদেশের বিরুদ্ধে কোনো নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হতে দেবে না। ভারত সরকারের উচিত তাদের আটক করে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে ফেরত দেওয়া।
সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, যারা দেশের বাইরে অবস্থান করে দেশের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করার ষড়যন্ত্র করছে, তাদের ক্ষমা নেই।
তিনি বলেন, ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া সীমান্তবর্তী জনপদ। এখানকার হাজার হাজার মানুষের জীবন-জীবিকা, কৃষি, ব্যবসা-বাণিজ্য ও সামাজিক নিরাপত্তা সীমান্তের শান্তিপূর্ণ পরিবেশের সঙ্গে জড়িত। সীমান্তে কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি হলে সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। তিনি স্থানীয় জনসাধারণ ও নেতাকর্মীদের সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে সতর্ক থাকার আহ্বান জানান এবং সন্দেহজনক তৎপরতার নির্ভরযোগ্য তথ্য পেলে বিজিবি বা পুলিশকে অবহিত করতে বলেন।
বিজিবি, পুলিশ, সংস্থা ও স্থানীয় প্রশাসনের প্রতি সীমান্তে নজরদারি জোরদার করার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র ও বিস্ফোরক চোরাচালান এবং নাশকতার পরিকল্পনার সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে হবে। বিএনপির স্থানীয় নেতাকর্মী ও জনগণকে এসব অপরাধের বিষয়ে সতর্ক থাকতে হবে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তুলতে হবে।
ভুবনকুড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রমজান আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, যুগ্ম আহ্বায়ক কাজী ফরিদ আহমেদ পলাশ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান মহিউদ্দিন, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল গণি প্রমুখ। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে সৈয়দ এমরান সালেহ প্রিন্স হালুয়াঘাট বাজার থেকে ভুবনকুড়ার তেলিখালি পর্যন্ত ১৩ কিলোমিটার দীর্ঘ সীমান্ত সড়কে মোটরসাইকেল মিছিলে নেতৃত্ব দেন।




-e20316-720x405.webp)