logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

গ্যারেজে ডাকাতির সময় স্বামী-স্ত্রীকে বেঁধে মালামাল লুট, ব্যবসায়ী নিহত

গ্যারেজে ডাকাতির সময় স্বামী-স্ত্রীকে বেঁধে মালামাল লুট, ব্যবসায়ী নিহত
ছবি: এশিয়া পোস্ট

মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি অটোরিকশার গ্যারেজে ডাকাতির ঘটনায় অহিদুল্লাহ (৫৪) নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) ভোরে উপজেলার পাটাভোগ গ্রামে গ্যারেজের ভাড়াটিয়া পরিচালনাকারী অহিদুল্লাহ ও তার স্ত্রীকে রশি দিয়ে বেঁধে রেখে দুটি অটোরিকশা, ৬১টি ব্যাটারি ও ১৯টি চার্জার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে ৬ থেকে ৭ জন অজ্ঞাতনামা দুর্বৃত্ত গ্যারেজের পেছনের তালা কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় গ্যারেজ পরিচালনাকারী ভাড়াটিয়া অহিদুল্লাহ ও তার স্ত্রী হোসনা খাতুনকে রশি দিয়ে হাত-পা বেঁধে ফেলে দুর্বৃত্তরা। পরে গ্যারেজে থাকা ৬১টি ব্যাটারি, ১৯টি চার্জার ও দুটি অটোরিকশা একটি পিকআপে তুলে নিয়ে পালিয়ে যায় তারা।

দুর্বৃত্তরা চলে যাওয়ার পর অহিদুল্লাহর স্ত্রী আশপাশের লোকজনকে ডেকে সহায়তা নেয়। পরে গুরুতর অসুস্থ অবস্থায় অহিদুল্লাহকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত অহিদুল্লাহ কুমিল্লার দাউদকান্দি উপজেলার তোলাতলি গ্রামের মৃত ওহাব আলী প্রধানের ছেলে। তিনি প্রায় তিন মাস ধরে ওই গ্যারেজ ভাড়া নিয়ে পরিচালনা করে আসছিলেন।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।