আশুলিয়ায় শিক্ষার্থীদের বাসে হামলা-ভাঙচুর, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

আশুলিয়ায় ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে কর্মবিরতি চলাকালে কলেজ শিক্ষার্থীদের বহনকারী একটি বাসে হামলা ও ভাঙচুর করেছেন পোশাকশ্রমিকরা। সোমবার (২৩ নভেম্বর) সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার নিউ এইজ কারখানার সামনে এ ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় হুড়োহুড়িতে পড়ে গিয়ে তিন নারী শ্রমিক আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিশ্চিন্তপুর এলাকার নিউ এইজ গ্রুপের তিনটি কারখানার (নিউ এইজ গার্মেন্টস, কাইলক নিউ এইজ বিডি এবং নিউ এইজ অ্যাপারেলস) প্রায় সাড়ে সাত হাজার শ্রমিক কারখানায় প্রবেশ করেন। প্রবেশের পর ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে উৎপাদন বন্ধ রেখে কারখানার ভেতরে অবস্থান নেন তারা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় সকাল ৯টার দিকে কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে।
ছুটির পর শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে প্রধান ফটকের সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে তারা সড়কে বেরিয়ে এসে অবরোধের চেষ্টা করেন। এ সময় সাভার সরকারি কলেজের শিক্ষার্থীদের বহনকারী আলিফ পরিবহনের একটি বাসে থাকা ছাত্রছাত্রীদের সঙ্গে শ্রমিকদের বাক্বিতণ্ডা হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা বাসটিতে হামলা চালিয়ে কাচ ভাঙচুর করেন। একই সঙ্গে শ্রমিকদের একটি দল পার্শ্ববর্তী আল-মুসলিম গার্মেন্টস ও জনরন সোয়েটার কারখানায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালায়।
খবর পেয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করেন। এতে জমায়েত হওয়া শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান। পুলিশের পদক্ষেপে শ্রমিকদের মধ্যে দৌড়াদৌড়ি শুরু হলে রাস্তায় পড়ে গিয়ে নিউ এইজ গ্রুপের তিন নারী শ্রমিক সিরাতুব, রেখা ও সুইটি আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম জানান, এমন পরিস্থিতিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিউ এইজ গ্রুপের পার্শ্ববর্তী অনন্ত গার্মেন্টস, আল-মুসলিম অ্যাপারেলস এবং ট্রাউজার লাইন লিমিটেড কর্তৃপক্ষও শ্রমিকদের ছুটি দিয়ে কারখানা বন্ধ ঘোষণা করে।
তিনি বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।





