logo

বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ/মেডিকেল-পাবলিক বিশ্ববিদ্যালয়ে হবে তীব্র প্রতিযোগিতা

মেডিকেল-পাবলিক বিশ্ববিদ্যালয়ে হবে তীব্র প্রতিযোগিতা
ভর্তি পরীক্ষা। ছবি: বাসস

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর এবার যুদ্ধ উচ্চশিক্ষার প্রতিষ্ঠানে ভর্তিতে। এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে এবার ১১টি শিক্ষা বোর্ড থেকে মোট পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ শিক্ষার্থী। উত্তীর্ণ এ শিক্ষার্থীদের মধ্যে সিংহভাগ মেডিকেল কলেজ ও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিতেই আগ্রহ বেশি থাকবে। সে হিসেবে তীব্র ভর্তি প্রতিযোগিতায় অংশ নেবে লাখ লাখ শিক্ষার্থী। বিশেষ করে সরকারি মেডিকেল কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ শীর্ষস্থানীয় পাবলিক বিশ্ববিদ্যালয়ে। এসব প্রতিষ্ঠানে আসন সংখ্যার তুলনায় আবেদনকারীর সংখ্যা অনেক বেশি হবে। যে কারণে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের।

সংশ্লিষ্ট তথ্যমতে, বর্তমানে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তিযোগ্য মোট আসন রয়েছে ৫ হাজার ১০০টি। সরকারি ডেন্টালে আসন রয়েছে ৫৪৫টি। ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ মোট ৬১টি পাবলিক বিশ্ববিদ্যালয় থাকলেও বেশ কয়েকটিতে শিক্ষা কার্যক্রম শুরু হয়নি এখনও।

৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ৫৫ হাজার শিক্ষার্থী ভর্তি করা হবে। মেডিকেল, ডেন্টাল ও পাবলিক বিশ্ববিদ্যালয় সব মিলিয়ে ৬০ হাজার আসন ঘিরে তীব্র প্রতিযোগিতায় নামতে হবে এইচএসসি উত্তীর্ণ এ শিক্ষার্থীদের।

পছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে তীব্র প্রতিযোগিতায় অংশ নিতে হলেও উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে আসনের কোনো স্বল্পতা নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘সারা দেশের বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাদ্রাসায় ১৩ লাখ ৪০ হাজার আসন রয়েছে। এইচএসসি ও সমমানে পাশ করা সব শিক্ষার্থী ভর্তি হওয়ার পরেও অনেক আসন ফাঁকা থাকবে।’

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অনার্স ও ডিগ্রি (পাস) প্রথম বর্ষে ভর্তিযোগ্য আসন মিলিয়ে প্রায় ৮ লাখ ৭৫ হাজারের বেশি। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি যোগ্য আসন রয়েছে প্রায় ৪ লাখ।

এ ছাড়া সারা দেশের তিন বছর মেয়াদি ফাজিল পাস ও চার বছর মেয়াদি ফাজিল স্নাতকে ছাড়াও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি করা হয়।

ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়সহ উচ্চ শিক্ষার প্রতিষ্ঠানগুলো ভর্তি প্রক্রিয়াও শুরু করেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য অনলাইনে আবেদন কার্যক্রম আগামী ১১ নভেম্বর শুরু হবে। আগামী ২৫ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের পরীক্ষা ১২ ডিসেম্বর, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা ১৯ ডিসেম্বর, চারুকলা ইউনিটের পরীক্ষা ২২ ডিসেম্বর এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। অন্য বিশ্ববিদ্যালয় গুলোতেও ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।

আসন্ন ২০২৬-২৭ সেশনের জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। সূচি অনুযায়ী, আগামী ১৯ মার্চ বি ইউনিট (মানবিক), সি ইউনিট (বাণিজ্য) ও ডি ইউনিট (আর্কিটেকচার) ২০ মার্চ এবং ২৭ মার্চ এ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার জিএসটি ভর্তি পরীক্ষা আয়োজন করবে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এবার এ আয়োজনের দায়িত্বে রয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়।

নূর মামুন

সম্পাদনা

নূর মামুন

জ্যেষ্ঠ সহসম্পাদক | এশিয়া পোস্ট