ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে পাসের হার ৯৯.৮৭

এইচএসসি পরীক্ষায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ থেকে মোট ৩ হাজার ১৫৬ শিক্ষার্থী অংশগ্রহণ করে ৩ হাজার ১৫২ জন পাস করেছে। পাসের হার ৯৯ দশমিক ৮৭ শতাংশ।
এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৩১১ জন, যা মোট পরীক্ষার্থীর ৪২ শতাংশ। কলেজটির বিজ্ঞান বিভাগ থেকে এক হাজার ৯৯ জন, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১২৮ জন এবং মানবিক বিভাগ থেকে ৮৪ শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
কলেজের জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থী জাহিদুল ইসলাম বলেন, ‘এবারের পরীক্ষার প্রশ্নের মান, খাতা মূল্যায়ন ইত্যাদি নিয়ে বিভিন্ন খবর শুনে দুশ্চিন্তায় ছিলাম। তাই রেজাল্টের খবর শোনার পর মনে হয়েছে আমার এত রাতজাগা, এত চেষ্টা, সব যেন এক নিমেষে সার্থক হয়েছে আজ। বাবা-মায়ের দোয়া আর শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা না পেলে এটা সম্ভব হতো না।’
কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মাহবুবুর রহমান মোল্লা বলেন, ‘মানুষ গড়ার যে স্বপ্ন নিয়ে এ প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেছিলাম, আজকের ফল সেই স্বপ্নেরই প্রতিফলন। আমাদের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টাই এ পথচলার শক্তি। এ সন্তানরাই আগামী দিনের বাংলাদেশ। তাদের জন্য সবার কাছে দোয়া চাই, যেন তারা মেধা ও সততায় দেশকে আলোকিত করতে পারে।’
অধ্যক্ষ মোহাম্মদ ওবায়দুল্লাহ নয়ন বলেন, ‘কলেজের এ সাফল্য কোনো একক প্রচেষ্টা বা এক দিনের অর্জন নয়; বরং শিক্ষাবর্ষের শুরু থেকে প্রতিদিনের অসংখ্য পরিকল্পিত প্রচেষ্টার সমষ্টি এ অর্জন। নিয়মিত ক্লাস, নিবিড় তদারকি, শিক্ষকদের আন্তরিকতা আর শিক্ষার্থীদের একাগ্রতা মিলেই আজকের এ ফল।’
তিনি বলেন, ‘কলেজের চেয়ারম্যান মাহবুবুর রহমান মোল্লা ও কো-চেয়ারম্যান আফরোজা রহমান লতার সার্বিক তত্বাবধায়ন করায় অনেক কাজ সহজ হয়েছে আমাদের।’
এর আগে শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটে দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষাকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে এই ফলাফল প্রকাশ করা হয়।



