এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার আবেদন করবেন যেভাবে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় সর্বোচ্চ ২ বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম অনলাইনে শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে ৯ নভেম্বর পর্যন্ত। ফি জমা দেওয়া যাবে ১০ নভেম্বর পর্যন্ত।
বুধবার (৪ নভেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়।
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত/অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করে সর্বোচ্চ ২ (দুই) বিষয়ে অকৃতকার্য (চতুর্থ বিষয় ব্যতীত) হয়েছে তাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে।
ফরম পূরণ যেভাবে
পরীক্ষার ফরম পূরণের জন্য পরীক্ষার্থীকে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
- প্রথমে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (www.dhakaeducationboard.gov.bd) থেকে শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ অনলাইনে পরীক্ষার্থীদের সম্ভাব্য তালিকা প্রদর্শন করবে।
- সম্ভাব্য তালিকা থেকে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর তথ্য যাচাই করতে হবে।
- নির্বাচিত পরীক্ষার্থীদের তালিকার প্রিন্ট নিতে হবে।
- প্রিন্ট করা তালিকায় পরীক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষের স্বাক্ষর নিতে হবে।
- এরপর অনলাইনে ইলেকট্রনিক ফরম ফিলআপ (eFF) প্রক্রিয়ায় ফরম পূরণ সম্পন্ন করতে হবে।
- নির্ধারিত সময়ের মধ্যে সোনালী সেবার মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।
৫ নভেম্বর থেকে ৯ নভেম্বরের মধ্যে ফর্ম পূরণ সম্পন্ন করতে হবে। পরীক্ষার্থীদের প্রয়োজনীয় ফি বাবদ অর্থ সোনালী ব্যাংকের যে কোনো শাখা থেকে ঢাকা শিক্ষা বোর্ডের সচিবের অনুকূলে প্রেরিত সোনালী সেবার রশিদ শিক্ষা প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে। সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেওয়ার সর্বশেষ তারিখ ১০ নভেম্বর।
পরীক্ষার জন্য প্রতি পত্র/বিষয় (নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী) ১২৫ টাকা, প্রতি পত্র/বিষয় (নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী) ব্যবহারিক পরীক্ষার জন্য ২৫ টাকা পরিশোধ করতে হবে। এ ছাড়া পরীক্ষার কেন্দ্র ফি বাবদ জমা দিতে হবে ৪৫০ টাকা।


