logo

হাজিরা খাতায় অগ্রিম স্বাক্ষর অনুপস্থিত মাদ্রাসা শিক্ষকের, সুপারকে শোকজ

হাজিরা খাতায় অগ্রিম স্বাক্ষর অনুপস্থিত মাদ্রাসা শিক্ষকের, সুপারকে শোকজ
ফাইল ছবি

নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার ‘ভেড়াভেড়ি কামাল উদ্দিন দাখিল মাদ্রাসা’ পরিদর্শনে অনেক অসঙ্গতি পাওয়া গেছে। এসব কারণে মাদ্রাসার সুপারকে প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ দপ্তরে উপস্থিত হয়ে ব্যাখা দিতে বলা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে দেওয়া নোটিশ থেকে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার ‘ইউএনও’ মো. আরিফুর রহমান বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে গত ১ অক্টোবর ভেড়াভেড়ি কামাল উদ্দিন দাখিল মাদ্রাসা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে একটি পরিদর্শন প্রতিবেদন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে পাঠান।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, পরিদর্শনের তারিখে মাদ্রাসার মোট শিক্ষার্থী ১৯১ জনের মধ্যে উপস্থিত ছিল মাত্র ১১ জন। শিক্ষার্থীদের ক্লাসে অনুপস্থিতির হার ৯৫ ‍শতাংশ। ১৫ জন শিক্ষকের মধ্যে উপস্থিত ছিলেন ১৩ জন, অনুপস্থিত ২ জন শিক্ষক ছুটি ছাড়া মাদ্রাসায় অনুপস্থিত ছিলেন। ছুটি ছাড়া অনুপস্থিত থাকা শিক্ষক মো. মোখলেছুর রহমান ‘শিক্ষক হাজিরা খাতা’য় অগ্রীম স্বাক্ষর করেন।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, এ মাদ্রাসার কোনো ক্লাসেই ছাত্র-ছাত্রীদের হাজিরা নেওয়া হয় না এবং ছাত্র ছাত্রীদের উপবৃত্তি প্রাপ্তির ব্যাপারে কোনো তথ্য নেই মাদ্রাসাটির অফিস নথিতে।

মাদ্রাসার নামে কাগজপত্রে উল্লেখ থাকা ১২৩ শতাংশ জমির মধ্যে ৬৩ শতাংশ জমির নামজারি নেই। নিয়মিত ক্লাস না হওয়া এবং প্রাতিষ্ঠানিক তদারকি না থাকায় শিক্ষার্থীরা মাদ্রাসা বিমুখ হচ্ছে বলে মন্তব্য করা হয় পরিদর্শন প্রতিবেদনে।

অধিদপ্তর সূত্র জানায়, শিক্ষার্থীদের উপস্থিতির হার আশংকাজনকভাবে কমে যাওয়া, ছাত্র-ছাত্রীদের ক্লাসে হাজিরা না নেওয়া, মাদ্রাসার নামে কাগজপত্রে উল্লেখ থাকা ১২৩ শতাংশ জমির মধ্যে ৬৩ শতাংশ জমির নামজারি না থাকা, শিক্ষকদের ছুটি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকা, অনুপস্থিত শিক্ষক এর ‘শিক্ষক হাজিরা খাতা’য় অগ্রীম স্বাক্ষর করা প্রাতিষ্ঠানিক শৃংখলা ভঙ্গের শামিল। প্রাতিষ্ঠানিক শৃংখলা ভঙ্গের বিষয়গুলো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৬ এর বিধি ১৮(২)ক ধারামতে প্রতিষ্ঠান প্রধানসহ এমপিওভুক্ত শিক্ষকদের ‘সাময়িক বরখাস্ত’ এর মত শাস্তিযোগ্য অপরাধ।

এসব অভিযোগের বিষয়ে মাদ্রাসা অধিদপ্তরে উপস্থিত হয়ে সুপারকে সংশ্লিষ্ট নথিপত্র উপস্থাপনের করতে এবং প্রাতিষ্ঠানিক শৃংখলা ভঙ্গের জন্য ছুটি ছাড়া মাদ্রাসায় অনুপস্থিত দুইজন শিক্ষকসহ সুপারের বিরুদ্ধে কেন বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার কারণ ব্যাখ্যা করে বক্তব্য দিতে বলা হয়েছে।