logo

এইচএসসিতে ১৩৯ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পাস

এইচএসসিতে ১৩৯ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পাস
ছবি : সংগৃহীত

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর শতভাগ পাস করেছে ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে। অন্যদিকে ২৯৩টি প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি।

শনিবার (৩১ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি বছর ২৯৩টি প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস করেননি। গত বছর এ সংখ্যা ছিল ২০২। শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৯১টি।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় বরাবরের মতো পাসের হারে এগিয়ে রয়েছেন ছাত্রীরা। তবে জিপিএ-৫ বেশি পেয়েছেন ছাত্ররা। এবার ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন উত্তীর্ণ হয়েছেন।

এর মধ্যে ছাত্রীর সংখ্যা ৩ লাখ ৫৬ হাজার ৫২৮ জন, পাসের হার ৫৬.৩১ শতাংশ। আর ছাত্রদের মধ্যে পাস করেছে ২ লাখ ৯০ হাজার ১৫৭ জন, পাসের হার ৪৭.৭৫ শতাংশ।

এ ছাড়া এবার মোট জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ শিক্ষার্থী। এর মধ্যে ২০ হাজার ৩৬৩ ছাত্র এবং ১৯ হাজার ৭২১ ছাত্রী।

তবে এবার পাসের হার গত ১০ বছরের মধ্যে সবচেয়ে কম।‎ চলতি বছর গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। ২০২৫ সালে পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ আর জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ শিক্ষার্থী। সে হিসাবে এবার পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ আর জিপিএ-৫ কমেছে ২৯ হাজার ১৩ জন।

গত ২ জুলাই এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় আর শেষ হয় ৮ আগস্ট। এরপর ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করার কথা ছিল।

তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি লিখিত পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হয়নি। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ায় ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর।

নাছির আহমেদ

সম্পাদনা

নাছির আহমেদ

অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর | এশিয়া পোস্ট