শিক্ষা ক্যাডারে ৩৮৩ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

৪৫তম বিসিএস থেকে ৩৮৩ জন প্রার্থীকে শিক্ষা ক্যাডার কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে।
এর মধ্যে রয়েছে, ক্যাডার কর্মকর্তাকে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে অথবা সরকার নির্ধারিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। এ প্রশিক্ষণ শেষে তাকে তার চাকরি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সরকার যেরূপ স্থির করবে, সেরূপ পেশাগত ও বিশেষ ধরনের প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। তাকে ২ বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে। প্রয়োজনে সরকার এ শিক্ষানবিশকাল অনূর্ধ্ব দুই বছর বর্ধিত করতে পারবে। শিক্ষানবিশকালে যদি তিনি চাকরিতে বহাল থাকার অনুপযোগী বলে বিবেচিত হন, তবে কোনো কারণ দর্শানো ছাড়াই এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সঙ্গে পরামর্শ ব্যতিরেকে তাকে চাকরি হতে অপসারণ করা যাবে।
প্রজ্ঞাপনে বলা হয়, ৪৫তম বিসিএস পরীক্ষার ফলাফলের ভিত্তিতে তার জ্যেষ্ঠতা নির্ধারিত হবে। নিয়োগ পরবর্তী কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো বিরূপ তথ্য পাওয়া গেলে তার ক্ষেত্রে এ আদেশের সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে। কেউ কোনো বিদেশি নাগরিককে বিয়ে করার অঙ্গীকারবদ্ধ হয়ে থাকলে এ নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে। তিনি নিজে বা পরিবারের কেউ যৌতুক গ্রহণ করবেন না এ মর্মে যোগদানপত্রের সঙ্গে ৩০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে বন্ড সম্পাদন করতে হবে। মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কারও সনদ পরবর্তীতে মিথ্যা বা জাল প্রমাণিত হলে তার নিয়োগ বাতিল হবে এবং তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে।
এ ছাড়া আগামী ১ নভেম্বর সশরীরে বগুড়ার পল্লী উন্নয়ন অ্যাকাডেমিতে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর যোগদান করতে হবে। ১-৮ নভেম্বর পর্যন্ত ৮ দিনব্যাপী আবাসিক ওরিয়েন্টেশন প্রোগ্রামে অংশগ্রহণ করতে হবে।




