ঢাকায় ওয়াহাজ আলী, সঙ্গে নুসরাত ফারিয়া

পাকিস্তানি নাটকের জনপ্রিয় অভিনেতা ওয়াহাজ আলী এখন ঢাকায়। ‘তেরে বিন’ নাটকের মুরতাসিম চরিত্র দিয়ে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দর্শকের কাছে পরিচিতি পাওয়া এই অভিনেতাকে দেখা গেল ঢাকাই সিনেমার চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার সঙ্গে। তাদের একসঙ্গে ছবি প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা।
গত ২ ও ৩ অক্টোবর রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে ‘ইমিরা: দ্য ওয়েডিং চ্যাপ্টার’। জমকালো এই আয়োজনের একটি ফ্যাশন শোতে অংশ নেন ওয়াহাজ আলী ও নুসরাত ফারিয়া। সেখানেই ক্যামেরার সামনে একসঙ্গে হাজির হন দুই দেশের এই দুই তারকা।
অনুষ্ঠানের বেশকিছু ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন নুসরাত ফারিয়া। ছবিগুলোতে দুজনকেই বেশ সাবলীল ও উজ্জ্বল উপস্থিতিতে দেখা গেছে। ফারিয়ার পরনে ছিল গভীর বেগুনি রঙের স্ট্রেপলেস লেহেঙ্গা চোলি, যাতে ফুটে উঠেছে জামদানির ঐতিহ্যবাহী মোটিফ। সঙ্গে ছিল ভারী টিকলি, চওড়া নেকলেস, ঝুমকা ও সোনালি চুড়ি। সব মিলিয়ে ঐতিহ্য আর আধুনিকতার মিশেলে ভিন্ন এক সাজে দেখা গেছে তাকে।
ছবিগুলো প্রকাশ করে ফারিয়া লিখেছেন, ‘জামদানির ঐতিহ্য নিয়ে হেঁটেছি, ভালোবাসার মাধ্যমে তুলে ধরেছি আমাদের পরিচয়, আর মনে জমিয়েছি অনন্য স্মৃতি।’
অন্যদিকে ওয়াহাজ আলীকে দেখা গেছে ডার্ক নেভি ব্লু ফরমাল স্যুট-প্যান্ট ও একই রঙের শার্টে। ক্লিন-শেভড লুকে পাকিস্তানি এই অভিনেতার উপস্থিতিও ছিল বেশ নজরকাড়া। তার গম্ভীর ও পরিমিত অভিব্যক্তি দেখে অনেকেরই মনে পড়েছে ‘তেরে বিন’-এর মুরতাসিম চরিত্রকে।
ফারিয়ার পোস্ট করা ছবিগুলো প্রকাশের পরপরই ভক্তদের মধ্যে দেখা দিয়েছে উচ্ছ্বাস। কেউ তার সাজের প্রশংসা করেছেন, কেউ আবার দুজনকে একই ফ্রেমে দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন। এমনকি বেশ কয়েকজন নেটিজেন তাদের একসঙ্গে সিনেমায় দেখার আগ্রহও জানিয়েছেন। একজন মজা করে লিখেছেন, ‘এবার তাহলে ওয়াহাজের সঙ্গে একটা সিনেমা করে ফেলো।’
পাকিস্তানি টেলিভিশনের পরিচিত মুখ ওয়াহাজ আলী ২০১৫ সালে ‘ইশক ইবাদত’ নাটকের মাধ্যমে প্রধান অভিনেতা হিসেবে অভিনয় শুরু করেন। এরপর ‘হারি হারি চুড়িয়াঁ’, ‘দিল নওয়াজ’, ‘মাহ-এ-তামাম’, ‘দিল-এ-বেরহাম’, ‘ভরাম’, ‘ফিতুর’ ও ‘ইশক জালেবি’সহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন তিনি।
তবে ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য আসে ‘তেরে বিন’ নাটক দিয়ে। ২০২২ সালের ২৮ ডিসেম্বর প্রচার শুরু হওয়া নাটকটির প্রথম সিজন শেষ হয় ২০২৩ সালের ৬ জুলাই। এতে মুরতাসিম খান চরিত্রে অভিনয় করেন ওয়াহাজ আলী। তার বিপরীতে ছিলেন ইয়ুমনা জায়েদি, যিনি অভিনয় করেছেন মীরব চরিত্রে।
মুরতাসিম ও মীরবের প্রেম, সম্পর্কের টানাপোড়েন এবং নানা দ্বন্দ্বের গল্প নিয়ে নির্মিত নাটকটি পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশ ও ভারতেও ব্যাপক জনপ্রিয়তা পায়। বিশেষ করে মুরতাসিম চরিত্রের মাধ্যমে ওয়াহাজ আলী দ্রুতই দক্ষিণ এশিয়ার দর্শকের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন।
আর এবার সেই জনপ্রিয় ‘মুরতাসিম’কেই দেখা গেল ঢাকার মাটিতে। নুসরাত ফারিয়ার সঙ্গে তার ছবি প্রকাশের পর নতুন করে আলোচনায় এসেছে দুই দেশের দুই তারকার এই অনস্ক্রিন নয়, বরং বাস্তব জীবনের ফ্রেম।