logo

ক্যারিয়ারের ৫০ বছর পূর্তিতে বিশেষ সম্মাননা পাচ্ছেন আজিজুল হাকিম

ক্যারিয়ারের ৫০ বছর পূর্তিতে বিশেষ সম্মাননা পাচ্ছেন আজিজুল হাকিম
আজিজুল হাকিম। ছবি: ঢাকা পোস্ট থেকে

অভিনয়জীবনের পাঁচ দশক পূর্ণ করেছেন বর্ষীয়ান অভিনেতা আজিজুল হাকিম। দীর্ঘ এই পথচলায় মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে নানা ধরনের চরিত্রে অভিনয় করে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন তিনি। এবার অভিনয়ে ৫০ বছরের অবদানের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা পেতে যাচ্ছেন এই অভিনেতা।

গণমাধ্যমকর্মীদের সংগঠন কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) তাকে এই সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১৬ ডিসেম্বর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে আয়োজিত সংগঠনটির ২৫তম পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তার হাতে সম্মাননা তুলে দেওয়া হবে।

Advertisement

১৯৭৭ সালে আরণ্যক নাট্যদলে যুক্ত হওয়ার মধ্য দিয়ে অভিনয়জগতে যাত্রা শুরু করেন আজিজুল হাকিম। এরপর টেলিভিশন নাটক, টেলিফিল্ম, ধারাবাহিক, চলচ্চিত্র ও বিজ্ঞাপনচিত্রে নিয়মিত কাজ করেছেন তিনি। দীর্ঘ পাঁচ দশকের ক্যারিয়ারে হুমায়ূন আহমেদ, আবদুল্লাহ আল মামুন, হানিফ সংকেত, মামুনুর রশীদ, আতিকুল হক চৌধুরী, ফেরদৌস হাসান, মাসুম আজিজ, মোহন খান, তৌকীর আহমেদ, চয়নিকা চৌধুরী ও অরুণ চৌধুরীর মতো গুণী নির্মাতাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

ক্যারিয়ারের ৫০ বছর পূর্তি এবং সিজেএফবির বিশেষ সম্মাননা প্রসঙ্গে আজিজুল হাকিম বলেন, ‘আমার ক্যারিয়ারের ৫০ বছর এবং সাংবাদিক সংগঠন সিজেএফবির ২৫ বছর- এই দুয়ের সমন্বয় আমাকে মুগ্ধ করেছে।’

‘ইউরো কোলা প্রেজেন্টস ইটিভি সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড’-এর এবারের আসরে আরও কয়েকজন শিল্পী ও নির্মাতাকে সম্মাননা দেওয়া হচ্ছে। চলচ্চিত্র শিল্পে অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন চিত্রনায়ক উজ্জ্বল। অন্যদিকে, টেলিভিশন নাটকে ২৫ বছরের অবদানের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা পাচ্ছেন নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী ও অভিনেত্রী দীপা খন্দকার।

সিজেএফবির এবারের আয়োজনটি সংগঠনটির ২৫তম পুরস্কার বিতরণী অনুষ্ঠান।