লন্ডনে চিকিৎসাধীন ইলিয়াস কাঞ্চন, শারীরিক অবস্থার অবনতি

ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন গুরুতর অসুস্থ। ব্রেন টিউমারে আক্রান্ত এই অভিনেতার চিকিৎসা চলছে যুক্তরাজ্যের লন্ডনে। বর্তমানে সেখানকার হার্লি স্ট্রিট ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তবে মাঝে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও সম্প্রতি আবারও দেখা দিয়েছে জটিলতা। সারা শরীরে ব্যথার কারণে তার সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়াও বাধাগ্রস্ত হচ্ছে।
ইলিয়াস কাঞ্চন বর্তমানে লন্ডনে মেয়ের জামাই আরিফুল ইসলামের বাসায় অবস্থান করছেন। তার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানিয়েছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের মহাসচিব লিটন এরশাদ।
তিনি জানান, ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত। কিছুদিন আগে তার সুস্থতার লক্ষণ দেখা গেলেও হঠাৎ পরিস্থিতির পরিবর্তন হয়েছে। সারা শরীরে ব্যথার কারণে শারীরিক উন্নতি ব্যাহত হচ্ছে। এ কারণে তাকে আবারও চিকিৎসকের কাছে নেওয়া হয়েছে।
ইলিয়াস কাঞ্চন বর্তমানে কথা বলতে পারছেন কি না, এমন প্রশ্নের জবাবে লিটন এরশাদ জানান, তিনি সাধারণত কথা বলার চেষ্টা করেন না। তবে একেবারেই যে কথা বলতে পারেন না, তা নয়। প্রয়োজন হলে ছোট ছোট কথার উত্তর দেন। যেমন, পানি খাওয়ার কথা জিজ্ঞেস করলে কখনো কখনো উত্তর দেন। তবে কথা বলতে তার বেশ কষ্ট হয়। অস্ত্রোপচারের আগেই তিনি কথা বলা অনেকটা বন্ধ করে দিয়েছিলেন।
লিটন এরশাদ আরও জানান, চিকিৎসকেরা সুস্থ হয়ে উঠতে সময় লাগবে বলে জানিয়েছেন। এ অবস্থায় ইলিয়াস কাঞ্চনের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন ইলিয়াস কাঞ্চন। তার অভিনীত ‘বেদের মেয়ে জোসনা’ বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম ব্যবসাসফল সিনেমা হিসেবে পরিচিত। এ ছাড়া ‘ভেজা চোখ’, ‘স্নেহের প্রতিদান’, ‘আত্মত্যাগ’ ও ‘বদসুরত’-এর মতো সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে নিজের শক্ত অবস্থান তৈরি করেন ঢালিউডে।
শুধু অভিনয় নয়, সামাজিক আন্দোলনেও রয়েছে তার উল্লেখযোগ্য অবদান। সড়ক দুর্ঘটনায় স্ত্রীকে হারানোর পর ১৯৯৩ সালে তিনি প্রতিষ্ঠা করেন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) আন্দোলন। দীর্ঘদিন ধরে সড়ক নিরাপত্তা নিয়ে সচেতনতা তৈরিতে কাজ করে আসছে সংগঠনটি। সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ একুশে পদকেও ভূষিত হয়েছেন এই অভিনেতা।
এখন ভক্ত, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের একটাই প্রত্যাশা- দ্রুত সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরবেন প্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন।