গল্প, নাটক, গান আর সিনেমায় বেঁচে আছেন হুমায়ূন আহমেদ

কিছু লেখক থাকেন, যাঁদের বইয়ের শেষ পৃষ্ঠা পড়ার পরও গল্প শেষ হয় না। চরিত্রগুলো থেকে যায় পাঠকের মনে, সংলাপগুলো ঘুরে ফিরে আসে মানুষের মুখে। কখনো বৃষ্টির দিনে মনে পড়ে তাঁর লেখা কোনো গান, কখনো জোছনা রাতে মনে হয়, কোথাও যেন হেঁটে বেড়াচ্ছেন হলুদ পাঞ্জাবি পরা হিমু। বাংলা সাহিত্যের এমনই এক বিস্ময়কর নাম হুমায়ূন আহমেদ। গল্প, উপন্যাস, নাটক, চলচ্চিত্র কিংবা গান- সৃজনশীলতার প্রায় প্রতিটি মাধ্যমে নিজের স্বতন্ত্র জগৎ তৈরি করেছিলেন তিনি। ২০১২ সালে পৃথিবী ছেড়ে চলে গেলেও তাঁর সেই জগতে আজও মানুষের অবাধ যাতায়াত।
আজ ১৩ নভেম্বর, কিংবদন্তি এই কথাসাহিত্যিকের ৭৮তম জন্মবার্ষিকী। ১৯৪৮ সালের এই দিনে নেত্রকোনার মোহনগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি। বাবা ফয়জুর রহমান আহমেদ ছিলেন পুলিশ কর্মকর্তা, মা আয়েশা ফয়েজ। শৈশব থেকেই বইপড়া ও লেখালেখির প্রতি আগ্রহ ছিল তাঁর। তবে লেখক হিসেবে যে একদিন বাংলা ভাষার অন্যতম জনপ্রিয় কথাসাহিত্যিক হয়ে উঠবেন, তা হয়তো তখন কেউ ভাবেননি।
‘নন্দিত নরকে’ দিয়ে শুরু যে যাত্রা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন হুমায়ূন আহমেদ। পরে যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটি থেকে পলিমার রসায়নে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। দেশে ফিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়নের অধ্যাপক হিসেবে যোগ দেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার পরিচয় ছাপিয়ে ধীরে ধীরে বড় হয়ে ওঠে তাঁর লেখকসত্তা।
১৯৭২ সালে প্রকাশিত প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’ তাঁকে বাংলা সাহিত্যে বিশেষ পরিচিতি এনে দেয়। বইটি প্রকাশের পর সাহিত্যাঙ্গনে আলোচনার জন্ম হয়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক উপন্যাস, ছোটগল্প, কিশোর সাহিত্য ও অন্যান্য রচনার মধ্য দিয়ে তিনি নির্মাণ করেন এক সমৃদ্ধ সাহিত্যভুবন।
‘শঙ্খনীল কারাগার’, ‘দারুচিনি দ্বীপ’, ‘কবি’, ‘লীলাবতী’, ‘জোছনা ও জননীর গল্প’, ‘দেয়াল’, ‘বাদশা নামদার’- তাঁর উল্লেখযোগ্য বইয়ের তালিকা বেশ দীর্ঘ। দুই শতাধিক গ্রন্থের রচয়িতা এই লেখকের বইয়ের প্রতি পাঠকের আগ্রহ আজও চোখে পড়ার মতো।
হুমায়ূন আহমেদের লেখার সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল সহজ ভাষায় মানুষের জটিল অনুভূতিকে প্রকাশ করা। মধ্যবিত্ত পরিবারের টানাপোড়েন, সম্পর্কের অভিমান, প্রেম, বিচ্ছেদ, বিষণ্নতা কিংবা জীবনের ছোট ছোট আনন্দ- সবকিছুই উঠে এসেছে তাঁর লেখায়। খুব পরিচিত কোনো ঘটনা কিংবা সামান্য একটি সংলাপের মধ্য দিয়েও পাঠককে গভীরভাবে ভাবাতে পারতেন তিনি।
তাঁর গল্পের মানুষগুলোকে কখনো দূরের কেউ বলে মনে হতো না। মনে হতো, এই মানুষটি হয়তো পাশের বাড়িতেই থাকেন, এই কথাগুলো হয়তো নিজের জীবনেও কখনো শুনেছি। পাঠকের সঙ্গে এই সহজ সম্পর্কই তাঁকে জনপ্রিয়তার অনন্য উচ্চতায় নিয়ে যায়।
হিমু, মিসির আলী ও শুভ্র: পাঠকের আপনজন
হুমায়ূন আহমেদের সাহিত্যজগতের কথা বলতে গেলে কয়েকটি চরিত্রের নাম আলাদাভাবে সামনে আসে। হিমু, মিসির আলী ও শুভ্র- তিনটি চরিত্র তিন ধরনের জীবনবোধ ও চিন্তার প্রতিনিধিত্ব করে।
হলুদ পাঞ্জাবি পরা ভবঘুরে হিমু যেন প্রচলিত সমাজব্যবস্থার বাইরে দাঁড়িয়ে জীবনকে দেখার এক অদ্ভুত দৃষ্টিভঙ্গি। কখনো যুক্তির বাইরে গিয়ে, কখনো মানুষের মনস্তত্ত্বের গভীরে প্রবেশ করে সে পাঠককে ভাবায়। অন্যদিকে মিসির আলী যুক্তি, পর্যবেক্ষণ ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণের মাধ্যমে মানুষের আচরণের রহস্য অনুসন্ধান করেন। শুভ্র চরিত্রের মধ্যে রয়েছে সংবেদনশীলতা, সরলতা ও আলাদা এক জীবনদর্শন।
এই চরিত্রগুলো কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকেনি। পাঠকের পোশাক, কথাবার্তা, চিন্তাভাবনা এমনকি জীবনযাপনের মধ্যেও কোনো কোনো সময় তাদের প্রভাব দেখা গেছে। হিমুর মতো হলুদ পাঞ্জাবি পরা কিংবা মিসির আলীর মতো কোনো ঘটনার পেছনের যুক্তি খোঁজার মধ্যে পাঠকেরা নিজেদের আনন্দ খুঁজে পেয়েছেন।
টেলিভিশন নাটকে নতুন ভাষা তৈরি
সাহিত্যের পাশাপাশি টেলিভিশন নাটকেও হুমায়ূন আহমেদ তৈরি করেছিলেন নিজস্ব এক ভাষা। ১৯৮৩ সালে ‘প্রথম প্রহর’ নাটকের মধ্য দিয়ে টেলিভিশন নাট্যকার হিসেবে তাঁর যাত্রা শুরু। এরপর ‘এইসব দিনরাত্রি’, ‘বহুব্রীহি’, ‘অয়োময়’, ‘কোথাও কেউ নেই’ ও ‘আজ রবিবার’-এর মতো নাটক নির্মাণ করে দর্শকের ঘরে ঘরে পৌঁছে যান তিনি।
তাঁর নাটকের বিশেষত্ব ছিল দৈনন্দিন জীবনের পরিচিত ঘটনা, সহজ সংলাপ এবং চরিত্রের স্বাভাবিক উপস্থাপন। খুব বেশি নাটকীয়তা ছাড়াই দর্শককে হাসানো কিংবা কাঁদানোর অসাধারণ ক্ষমতা ছিল তাঁর।
বিশেষ করে ‘কোথাও কেউ নেই’ নাটকের বাকের ভাই চরিত্রটি আজও বাংলাদেশের টেলিভিশন ইতিহাসের অন্যতম আলোচিত চরিত্র। নাটকের শেষ পর্বে বাকের ভাইয়ের ফাঁসির সিদ্ধান্ত মেনে নিতে পারেননি দর্শকেরা। চরিত্রটির মুক্তির দাবিতে রাস্তায় নেমে এসেছিলেন অনেকে। কাল্পনিক একটি চরিত্রকে ঘিরে দর্শকের এমন আবেগ বাংলা টেলিভিশনের ইতিহাসে বিরল ঘটনা।
‘আজ রবিবার’-এর বড় চাচা, ‘বহুব্রীহি’র বিচিত্র সব চরিত্র কিংবা ‘এইসব দিনরাত্রি’র মধ্যবিত্ত পরিবারের গল্প- সবখানেই হুমায়ূন আহমেদ তুলে ধরেছেন মানুষের চেনা জীবন। সময় বদলেছে, টেলিভিশনের দর্শকও বদলেছেন; কিন্তু তাঁর নাটকের আবেদন এখনো শেষ হয়ে যায়নি।
চলচ্চিত্রেও নিজস্ব গল্প বলার ধরন
১৯৯৪ সালে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘আগুনের পরশমণি’ নির্মাণের মধ্য দিয়ে চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন হুমায়ূন আহমেদ। প্রথম চলচ্চিত্রেই নিজের নির্মাণশৈলীর পরিচয় দেন তিনি। ছবিটি শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আটটি বিভাগে স্বীকৃতি পায়। এরপর নির্মাণ করেন ‘শ্রাবণ মেঘের দিন’, ‘দুই দুয়ারী’, ‘শ্যামল ছায়া’, ‘চন্দ্রকথা’, ‘নয় নম্বর বিপদ সংকেত’, ‘আমার আছে জল’ ও ‘ঘেটুপুত্র কমলা’র মতো চলচ্চিত্র।
তাঁর চলচ্চিত্রের গল্পে যেমন মানুষের সম্পর্ক ও জীবনের নানা জটিলতা উঠে এসেছে, তেমনি প্রকৃতি, সংগীত ও আবহ নির্মাণেও ছিল বিশেষ মনোযোগ। ‘শ্রাবণ মেঘের দিন’ কিংবা ‘শ্যামল ছায়া’র মতো ছবিতে গল্প বলার পাশাপাশি দর্শককে আলাদা এক অনুভূতির জগতে নিয়ে গেছেন তিনি। শেষ চলচ্চিত্র ‘ঘেটুপুত্র কমলা’ও বিষয়বস্তু ও নির্মাণের কারণে বিশেষভাবে আলোচিত।
কবি হতে চেয়েছিলেন, পরিচিত হলেন গীতিকার হিসেবেও
হুমায়ূন আহমেদের সৃষ্টিজগতের আরেকটি গুরুত্বপূর্ণ দিক তাঁর গান। কথাসাহিত্যিক হিসেবে বিপুল পরিচিতি থাকলেও কবিতার প্রতি তাঁর আলাদা আকর্ষণ ছিল। নিজের লেখায় এবং বিভিন্ন সাক্ষাৎকারে কবিতার প্রতি মুগ্ধতার কথা জানিয়েছেন তিনি। তবে নিজেকে কবি বলতে স্বচ্ছন্দ ছিলেন না। বরং গল্পকার পরিচয়েই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন।
লেখালেখির শুরুর দিকে কবিতা লিখে ছোট বোন মমতাজ আহমেদ শিখুর নামে পত্রিকায় পাঠানোর ঘটনাও রয়েছে তাঁর স্মৃতিচারণায়। পরে ‘ফানুস’ ও ‘সময়’ নামে কবিতা দুটি প্রকাশিত হয়। সেই সময়ের একটি কবিতার পঙ্ক্তি থেকেই পরবর্তী সময়ে জনপ্রিয় হয়ে ওঠে ‘দিতে পারো এক শ ফানুস এনে’ গানটির আকাঙ্ক্ষা।
গান লেখার শুরুটাও অনেকটা প্রয়োজনের তাগিদে। উপন্যাস কিংবা নাটকের প্রয়োজনে গান লিখতে গিয়ে একসময় নিজেই হয়ে ওঠেন জনপ্রিয় গীতিকার। ‘একটা ছিল সোনার কন্যা’, ‘আমার ভাঙা ঘরে ভাঙা চালা’, ‘বর্ষার প্রথম দিনে’, ‘ও আমার উড়াল পঙ্খি রে’ এবং ‘যদি মন কাঁদে, তুমি চলে এসো এক বরষা’- গানগুলো আজও শ্রোতার মনে বিশেষ জায়গা দখল করে আছে।
তাঁর গানের ভাষাতেও সাহিত্যের মতোই সহজ অনুভূতির প্রকাশ। বৃষ্টি, জোছনা, নদী, পাখি কিংবা অপেক্ষার মতো পরিচিত অনুষঙ্গের মধ্য দিয়ে তুলে ধরেছেন মানুষের প্রেম, বিরহ ও একাকিত্ব। অনেক সময় তাঁর লেখা গান শুনলে মনে হয়, কোনো গল্পের চরিত্র যেন নিজের মনের কথাগুলো সুরে প্রকাশ করছে।
লোকগান ও মরমি সংগীতের প্রতিও ছিল তাঁর গভীর অনুরাগ। হবিগঞ্জে এক অনুষ্ঠানে গিয়ে এক কিশোরীর কণ্ঠে হাসন রাজার ‘নিশা লাগিল রে’ গানটি শুনে মুগ্ধ হয়েছিলেন তিনি। সেই গান থেকেই হাসন রাজার সংগীতের প্রতি আগ্রহ তৈরি হয়। পরে নিজের নাটকে গানটি ব্যবহার করেন এবং হাসন রাজার গান নতুন শ্রোতার কাছে পৌঁছে দিতে উদ্যোগী হন। ‘আজ রবিবার’ ধারাবাহিকের প্রতিটি পর্বের শেষে হাসন রাজার গান ব্যবহারের বিষয়টিও ছিল তাঁর সংগীতপ্রেমের প্রকাশ।
নুহাশপল্লী: নিজের হাতে গড়া একান্ত জগৎ
হুমায়ূন আহমেদের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে গাজীপুরের নুহাশপল্লী। নিজের হাতে গড়ে তোলা এই জায়গাটি ছিল তাঁর প্রিয় আশ্রয়। প্রকৃতির কাছাকাছি থাকা, বৃষ্টি দেখা, জোছনা উপভোগ করা কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডা- সবকিছুর জন্যই নুহাশপল্লী ছিল তাঁর কাছে বিশেষ।
সেখানে রয়েছে নানা ভাস্কর্য, গাছপালা, জলাশয় এবং তাঁর নির্মিত ‘বৃষ্টি বিলাস’ নামের বাংলো। প্রকৃতির প্রতি ভালোবাসা তাঁর সাহিত্য ও গানের মতো ব্যক্তিজীবনেও ছড়িয়ে ছিল। বর্ষা, কদমফুল, মেঘলা আকাশ ও জোছনা তাঁর সৃষ্টিতে বারবার ফিরে এসেছে।
তাঁর লেখা ‘যদি মন কাঁদে, তুমি চলে এসো এক বরষা’ গানটি সেই অনুভূতিরই একটি পরিচিত উদাহরণ। প্রেম, অপেক্ষা ও প্রকৃতির মেলবন্ধনে তৈরি গানটি শ্রোতার কাছে আজও সমান আবেগের।
একাডেমিক জীবন থেকে ব্যক্তিজীবন
লেখক ও নির্মাতা পরিচয়ের বাইরে হুমায়ূন আহমেদের জীবন ছিল নানা অভিজ্ঞতায় সমৃদ্ধ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার পাশাপাশি সাহিত্যচর্চা চালিয়ে গেলেও নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে শিক্ষকতা ছেড়ে পুরোপুরি লেখালেখি ও চলচ্চিত্র নির্মাণে মনোনিবেশ করেন।
ব্যক্তিগত জীবনে দুবার বিয়ে করেন তিনি। ১৯৭৩ সালে গুলতেকিন খানকে বিয়ে করেন। তাঁদের চার সন্তান নোভা আহমেদ, শীলা আহমেদ, বিপাশা আহমেদ ও নুহাশ হুমায়ূন। পরে ২০০৫ সালে অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওনকে বিয়ে করেন। এই সংসারে তাঁদের দুই সন্তান নিষাদ হুমায়ূন ও নিনিত হুমায়ূন।
পুরস্কার ও স্বীকৃতি
সাহিত্য ও চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন বহু সম্মাননা। ১৯৮১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং ১৯৯৪ সালে একুশে পদকে ভূষিত হন তিনি। এ ছাড়া তাঁর পরিচালিত চলচ্চিত্র বিভিন্ন বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। তাঁর কাজের স্বীকৃতি শুধু পুরস্কারের মধ্যেই সীমাবদ্ধ ছিল না; পাঠক ও দর্শকের ভালোবাসাই হয়ে উঠেছিল তাঁর সবচেয়ে বড় অর্জন।
মৃত্যুর পরও কমেনি জনপ্রিয়তা
দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে ২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হুমায়ূন আহমেদ। পরে গাজীপুরের নুহাশপল্লীতে তাঁকে সমাহিত করা হয়। সময়ের হিসাবে তাঁর মৃত্যুর পর পেরিয়ে গেছে ১৪ বছর। কিন্তু তাঁর জনপ্রিয়তায় সেই সময়ের কোনো ছাপ পড়েনি।
আসলে হুমায়ূন আহমেদকে মনে করতে খুব বেশি উপলক্ষের প্রয়োজন হয় না। বর্ষার দিনে ‘যদি মন কাঁদে’ গানটি শুনলে, টেলিভিশনে ‘কোথাও কেউ নেই’ নাটকের কোনো দৃশ্য চোখে পড়লে কিংবা বইয়ের তাক থেকে হিমুর কোনো উপন্যাস তুলে নিলেই ফিরে আসে তাঁর কথা। তাঁর সৃষ্টি করা চরিত্রগুলো যেন সময়ের সঙ্গে আরও বেশি আপন হয়ে উঠেছে।
একজন লেখকের সার্থকতা হয়তো এখানেই- মৃত্যুর পরও তাঁর লেখা মানুষের জীবনের অংশ হয়ে থাকে। হুমায়ূন আহমেদ সেই বিরল লেখকদের একজন। তিনি নেই, কিন্তু তাঁর গল্পের মানুষগুলো আছে, গানগুলো আছে, আছে বৃষ্টি ও জোছনায় মাখা এক মায়াবী জগৎ। সেই জগতের দরজা পাঠকের জন্য খোলা থাকবে আরও বহু প্রজন্ম।