logo

বিচ্ছেদের পর মুখোমুখি সৃজিত-সুস্মিতা

এশিয়া পোস্ট বিনোদন
এশিয়া পোস্ট বিনোদন
বিচ্ছেদের পর মুখোমুখি সৃজিত-সুস্মিতা
সৃজিত মুখার্জি ও সুস্মিতা দে। ছবি: সুস্মিতার ইন্সটাগ্রাম থেকে

টলিপাড়ায় একসময় সৃজিত মুখার্জি ও সুস্মিতা দের সম্পর্ক নিয়ে বেশ আলোচনা ছিল। প্রেমের গুঞ্জন থেকে শুরু করে সম্পর্কের স্বীকারোক্তি, এরপর বিচ্ছেদ- এ জুটি ঘিরে আলোচনার যেন শেষ ছিল না। এবার সেই অধ্যায় পেরিয়ে একটি অনুষ্ঠানে হঠাৎ মুখোমুখি হলেন দুজন। সংক্ষিপ্ত কথাবার্তা হলেও তাদের আচরণে যেন ধরা পড়ল আগের সেই স্বাচ্ছন্দ্যের অভাব।

একসময় টলিউডে কান পাতলেই শোনা যেত পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী সুস্মিতা দে। ‘লহ গৌরাঙ্গের নাম রে’ সিনেমার প্রচারণার সময় বিভিন্ন আয়োজন ও অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে দেখা যাওয়ার পর সেই গুঞ্জন আরও জোরালো হয়।

পরে অবশ্য সেই আলোচনা আর গুঞ্জনের পর্যায়ে থাকেনি। একপর্যায়ে সৃজিত নিজেই সুস্মিতার সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেন। তবে সময়ের সঙ্গে বদলে যায় তাদের সমীকরণ। সম্পর্কে ভাঙন ধরার পর দুজনের যোগাযোগেও দূরত্ব তৈরি হয়।

সম্প্রতি হইচইয়ের একটি অনুষ্ঠানে ফের মুখোমুখি হন সৃজিত ও সুস্মিতা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সুস্মিতার সামনে এগিয়ে গিয়ে তার সঙ্গে হাত মেলান সৃজিত। এরপর জানতে চান, ‘তুমি কেমন আছো?’

জবাবে সুস্মিতাও সৃজিতের খোঁজ নেন। বলেন, ‘তুমি কেমন আছো?’ সৃজিত তখন জানান, ‘আমি ভালো আছি।’ পরে আলোকচিত্রীদের অনুরোধে পাশাপাশি দাঁড়িয়ে ছবিও তোলেন দুজন।

তবে পুরো সময়টিতে তাদের মধ্যে আগের মতো স্বতঃস্ফূর্ততা দেখা যায়নি বলেই মনে হয়েছে ভিডিওটি দেখে। কথাবার্তাও ছিল বেশ সংক্ষিপ্ত। দুজনের মুখের অভিব্যক্তিতেও যেন এক ধরনের আনুষ্ঠানিকতা ধরা পড়ে। সেই ছোট্ট সাক্ষাৎই তাই নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

এর আগে, সৃজিতের সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে এক সাক্ষাৎকারে সুস্মিতা জানিয়েছিলেন, সিনেমার প্রচারণার জন্য একসঙ্গে বিভিন্ন জায়গায় যাওয়ার কারণেই তাদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়েছিল। তবে পরবর্তী সময়ে সৃজিতের সঙ্গে তার আর কোনো যোগাযোগ নেই বলেও জানিয়েছিলেন তিনি।

সুস্মিতার ভাষায়, ‘সিনেমার প্রচারণার সময় অনেক জায়গায় যাওয়া হয়েছিল, যেই কারণে গুজব হয়। কিন্তু এখন তার সঙ্গে আমার আর কোনো যোগাযোগ নেই। উনিও ব্যস্ত, আমিও ব্যস্ত।’ সৃজিতের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে অভিনেত্রী তখন বলেছিলেন, তিনি খুব ভালো পরিচালক এবং গুণী মানুষ।

এদিকে সৃজিত মুখার্জির ব্যক্তিগত জীবন নিয়েও বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমে আলোচনা হয়েছে। একাধিক অভিনেত্রীর সঙ্গে তার নাম জড়ানোর খবর সামনে এলেও ২০১৯ সালের ৬ ডিসেম্বর অভিনেত্রী ও সমাজকর্মী রাফিয়াত রশিদ মিথিলাকে বিয়ে করেন তিনি। দক্ষিণ কলকাতার একটি ফ্ল্যাটে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ে হয়।

বিয়ের পর মিথিলা কলকাতায় গিয়ে থাকতে শুরু করেন। মেয়েকেও সেখানকার একটি স্কুলে ভর্তি করান। তবে পরবর্তী সময়ে সৃজিত-মিথিলার সম্পর্কে দূরত্ব তৈরি হওয়ার খবর প্রকাশ্যে আসে। আগের তুলনায় কলকাতায় মিথিলার উপস্থিতিও কমে যায়। একপর্যায়ে মেয়েকে কলকাতার স্কুল থেকে ছাড়িয়ে বাংলাদেশে নিয়ে আসেন তিনি।

যদিও কলকাতায় কম যাতায়াতের কারণ হিসেবে ভিসা জটিলতার কথা জানিয়েছিলেন মিথিলা। সৃজিতের সঙ্গে বর্তমানে সম্পর্ক কেমন- এমন প্রশ্নের জবাবে তিনি সংক্ষেপে জানিয়েছিলেন, আইনত তারা এখনো স্বামী-স্ত্রী।

এদিকে পুরোনো সম্পর্কের অধ্যায় পেরিয়ে সৃজিত ও সুস্মিতার এই সাম্প্রতিক মুখোমুখি হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে টলিপাড়ায়।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, আনন্দবাজার