‘ধুরন্ধর ২’, ‘পুষ্পা ২’কে পেছনে ফেলে ১৫০০ কোটির ক্লাবে ‘রামায়ণ’

মুক্তির পর থেকেই বিশ্ব বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়ছে নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ: পার্ট ১’। এবার মাত্র ১৪ দিনেই বিশ্বব্যাপী ১ হাজার ৫০০ কোটি রুপি আয়ের মাইলফলক স্পর্শ করেছে ছবিটি। এর মধ্য দিয়ে ভারতীয় সিনেমার ইতিহাসে দ্রুততম সময়ে এই অঙ্কে পৌঁছানোর নতুন নজির গড়েছে রণবীর কাপুর, সাই পল্লবী ও যশ অভিনীত মহাকাব্যিক সিনেমাটি।
বক্স অফিসের হিসাব অনুযায়ী, মুক্তির প্রথম দুই সপ্তাহ শেষে ছবিটির বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে ১ হাজার ৫১৯ কোটি ৫ লাখ রুপি। এর মধ্যে ভারতের বাজার থেকে এসেছে ১ হাজার ৯ কোটি ৫ লাখ রুপি।অন্যদিকে, দেশের বাইরের বাজারগুলো থেকে আয় হয়েছে ৫১০ কোটি রুপি।
এই অর্জনের মধ্য দিয়ে আগের বেশ কয়েকটি ব্যবসাসফল ভারতীয় সিনেমাকে পেছনে ফেলেছে ‘রামায়ণ’। এর আগে ১ হাজার ৫০০ কোটি রুপির ঘরে পৌঁছাতে ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’-এর সময় লেগেছিল ১৬ দিন। আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা ২: দ্য রুল’ নিয়েছিল ১৭ দিন। আর প্রভাস অভিনীত ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’ এই মাইলফলক স্পর্শ করেছিল ২০ দিনে। ফলে সময়ের হিসাবে নতুন রেকর্ড এখন ‘রামায়ণ’-এর দখলে।
শুধু বিশ্ববাজারেই নয়, ভারতের অভ্যন্তরীণ বাজারেও শক্ত অবস্থান তৈরি করেছে সিনেমাটি। মুক্তির দুই সপ্তাহের মধ্যেই দেশটিতে ছবিটির মোট আয় ১ হাজার কোটি রুপি ছাড়িয়েছে। এর ফলে ভারতের বাজারে ১ হাজার কোটি রুপি আয় করা সিনেমার তালিকায় ষষ্ঠ স্থান করে নিয়েছে এটি।
ছবিটির সাফল্যের পেছনে দেশের বাইরের বাজারের অবদানও উল্লেখযোগ্য। বিশেষ করে আন্তর্জাতিক দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে আগ্রহ এবং একাধিক ভাষায় প্রদর্শনীর সুযোগ বিশ্বব্যাপী আয়ের অঙ্ক বাড়াতে ভূমিকা রেখেছে।
বাল্মীকি রচিত মহাকাব্য ‘রামায়ণ’ অবলম্বনে নির্মিত হয়েছে দুই পর্বের এই চলচ্চিত্র। প্রথম পর্বে রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর, সীতার ভূমিকায় সাই পল্লবী এবং রাবণের চরিত্রে দেখা গেছে যশকে। এ ছাড়া লক্ষ্মণের চরিত্রে রয়েছেন রবি দুবে।
বিশাল আয়োজন, তারকাবহুল অভিনয়শিল্পী এবং মহাকাব্যিক কাহিনির সমন্বয়ে নির্মিত ছবিটি মুক্তির পর থেকেই দর্শকদের আগ্রহের কেন্দ্রে রয়েছে। প্রথম দুই সপ্তাহের ব্যবসায় সেই আগ্রহের প্রতিফলনও দেখা গেছে। এখন দেখার বিষয়, বক্স অফিসে সাফল্যের এই গতি ধরে রেখে শেষ পর্যন্ত আয়ের নতুন কোন উচ্চতায় পৌঁছায় ‘রামায়ণ’।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস



