logo

অনন্ত জলিলের কঠিন সময়ে দোয়া চাইলেন স্ত্রী বর্ষা

অনন্ত জলিলের কঠিন সময়ে দোয়া চাইলেন স্ত্রী বর্ষা
আফিয়া নুসরাত বর্ষা। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে

ঢালিউডের অভিনেতা ও ব্যবসায়ী অনন্ত জলিলকে ঘিরে সাম্প্রতিক সময়ে বেশ আলোচনা চলছে। একের পর এক ব্যবসায়িক সংকট, ব্যাংকঋণ ও আইনি নোটিশের খবরের মধ্যে এবার সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তার স্ত্রী চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। সেখানে নিজের স্বামী, সন্তান ও পরিবারের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে বর্ষা জীবনের ভালো ও কঠিন সময়ের বাস্তবতা তুলে ধরেন। ব্যবসা-বাণিজ্য কিংবা পরিস্থিতি সবসময় একরকম থাকে না উল্লেখ করে তিনি লেখেন, কখনো ভালো সময় আসে, আবার কখনো কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়। তবে সব পরিস্থিতিতেই আল্লাহর ওপর ভরসা রেখে সামনে এগিয়ে যাওয়ার কথা জানান এই অভিনেত্রী।

বর্ষা লেখেন, জীবনে ব্যবসা-বাণিজ্য কিংবা পরিস্থিতি সবসময় একরকম থাকে না। কখনো ভালো সময় আসে, আবার কখনো কিছুটা কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়। তবে এটিই জীবনের বাস্তবতা। তার বিশ্বাস, ‘আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন।’ তাই সব পরিস্থিতিতে সৃষ্টিকর্তার ওপর ভরসা রেখেই সামনে এগিয়ে যেতে চান তিনি।

স্ট্যাটাসে বর্ষা আরও লেখেন, সবার কাছ থেকে পাওয়া দোয়া, ভালোবাসা ও আন্তরিকতার জন্য তারা মন থেকে কৃতজ্ঞ। মানুষের এই ভালোবাসা তাদের অনেক সাহস ও অনুপ্রেরণা জোগায়। এ সময় সবার কাছে তাদের জন্য মন থেকে দোয়া করার অনুরোধ জানান তিনি। আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন এবং সবার রিজিকে বরকত দেন- সেই প্রার্থনাও করেন এই অভিনেত্রী।

বিশেষভাবে নিজের স্বামী অনন্ত জলিল, সন্তান এবং পরিবারের অন্য সদস্যদের জন্য দোয়া চেয়েছেন বর্ষা। আল্লাহ যেন তাদের সব ধরনের বিপদ-আপদ থেকে হেফাজত করেন, জীবনের প্রতিটি পদক্ষেপ সহজ করে দেন এবং সবার মনের নেক ইচ্ছাগুলো পূরণ করেন, সেই কামনা জানিয়েছেন তিনি। একই সঙ্গে দেশের প্রতিটি মানুষ যেন শান্তিতে ও ভালোভাবে জীবনযাপন করতে পারেন, সে জন্যও সবার কাছে দোয়া চেয়েছেন বর্ষা। স্ট্যাটাসের শেষাংশে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি ভালোবাসা ও আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে সবাইকে ভালো থাকার এবং তাদের দোয়ায় রাখার অনুরোধ করেন এই অভিনেত্রী।

সম্প্রতি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) অনন্ত জলিল ও তার স্ত্রীকে আইনি নোটিশ পাঠিয়েছে। অনন্ত জলিলের প্রতিষ্ঠান এবি অ্যাপারেলস লিমিটেডের ঋণের আংশিক অর্থ পরিশোধের জন্য দেওয়া ৯২ কোটি ২৯ লাখ টাকার একটি চেক পর্যাপ্ত অর্থের অভাবে প্রত্যাখ্যাত হওয়ার পর এ নোটিশ পাঠানো হয়। ব্যাংকের পক্ষ থেকে ৩০ দিনের মধ্যে পাওনা পরিশোধের সময় দেওয়া হয়েছে। অন্যথায় আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে।

এর মধ্যেই শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি আবেগঘন পোস্ট দেন অনন্ত জলিলও। সেখানে পবিত্র কোরআনের বাণী উল্লেখ করে আল্লাহর ওপর ভরসার কথা জানান তিনি। যারা তার জন্য দোয়া করেছেন ও ইতিবাচকভাবে পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে নেতিবাচক চর্চা করা ব্যক্তিদের উদ্দেশেও মন্তব্য করেন এই অভিনেতা।

অনন্ত জলিলের সেই পোস্টের কয়েক ঘণ্টার মধ্যে বর্ষার দোয়া চেয়ে দেওয়া স্ট্যাটাস নতুন করে আলোচনায় এসেছে। যদিও নিজের পোস্টে অনন্তের ব্যবসায়িক সংকট কিংবা আইনি নোটিশের বিষয়ে সরাসরি কিছু উল্লেখ করেননি বর্ষা, তবে স্বামী ও পরিবারের জন্য তার বিশেষভাবে দোয়া চাওয়ার বিষয়টি সাম্প্রতিক পরিস্থিতির সঙ্গে নতুন মাত্রা যোগ করেছে।