জেন-জির মানসিক টানাপোড়েন তুলে ধরেছে ‘দার-ই-নিজাত’

বর্তমান প্রজন্ম অর্থাৎ জেন-জির মানসিক টানাপোড়েন ও চার তরুণের জীবনে ঘটে যাওয়া ভিন্ন ভিন্ন গল্পকে ঘিরে নির্মিত হয়েছে পাকিস্তানি সিরিজ ‘দার-ই-নিজাত’। সমসাময়িক তরুণ প্রজন্মের ভাবনা ও বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে ধারাবাহিকটি নির্মাণ করায় এটি ইতোমধ্যেই দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
উমেরা আহমেদের রচনা ও সাকিব খানের পরিচালনায় সাজানো হয়েছে সিরিজটি, যেখানে জারিয়াব, জামিল, আবু বকর ও হামনা নামের চার তরুণের জীবনসংগ্রাম ফুটে উঠেছে। ভালোবাসা, চাওয়া-পাওয়া, দায়িত্ববোধ, আস্থা, নিজস্ব পরিচিতি এবং জীবনের প্রকৃত অর্থ অনুসন্ধানের টানাপোড়েনকে ঘিরেই আবর্তিত হয়েছে তাদের গল্প।
নাটকের চরিত্রগুলোর মনস্তাত্ত্বিক দিক তুলে ধরে মানসিক স্বাস্থ্যবিষয়ক পেশাজীবী জানান, জারিয়াব চরিত্রে পরিত্যক্ত হওয়ার ভয় এবং অন্যের স্বীকৃতির ওপর অতিরিক্ত নির্ভরতা দেখা যায়। সম্পর্ক ভাঙার পর যার আতঙ্ক ও আত্মমর্যাদার সংকট স্পষ্ট হয়ে ওঠে।
অন্যদিকে, ধনী পরিবারের সন্তান জামিল নিজের ব্যর্থতা ও আবেগগত দুর্বলতা এড়াতে ধর্মীয় পরিচয়ের বাহ্যিক বদল ঘটিয়ে নতুনভাবে নিজেকে মেলে ধরতে চায়, তবে নিজের ভুলের দায় স্বীকার করতে পারে না।
আবু বকর চরিত্রটি দায়িত্বশীলতা, সহমর্মিতা ও ধর্মীয় মূল্যবোধের প্রতীক হলেও অন্যের সমস্যা মেটাতে গিয়ে নিজের ব্যক্তিগত সীমারেখা ধরে রাখতে হিমশিম খায়।
এদিকে বিপদে সহায়তা পেয়ে আবু বকরের প্রতি গভীর আকর্ষণ বোধ করে হামনা। বিশ্লেষকের মতে, কৃতজ্ঞতা অনেক সময় অতিরিক্ত আবেগনির্ভরতা বা কাউকে আদর্শ রূপে কল্পনা করার প্রবণতায় গড়ায়।
ধারাবাহিকটিতে জেন-জির পাশাপাশি আগের প্রজন্মের গল্পও ফুটে উঠেছে। অল্প বয়সে আবেগের বশে করা ভুলগুলো তুলে ধরে সেখান থেকে নিজেকে ক্ষমা করা এবং অতীতের দুঃখ-কষ্ট থেকে পরিত্রাণ পাওয়ার দিকটি দেখানোয় দর্শকের প্রশংসা পাচ্ছে ‘দার-ই-নিজাত’।




