logo

শত্রুতা ভুলে ফুটবলে ভারত-পাকিস্তানের সৌজন্যের অনন্য নজির

শত্রুতা ভুলে ফুটবলে ভারত-পাকিস্তানের সৌজন্যের অনন্য নজির
ভারতকে গার্ড অব অনার দিচ্ছে পাকিস্তানের ফুটবলাররা। ছবি: ডেইলি স্টার

মাঠে একে অন্যকে হারানোর জন্য প্রাণপণ লড়াই। শেষ পর্যন্ত জয়ী ভারত, শিরোপা হাতছাড়া হওয়ার হতাশা পাকিস্তানের। তবে ম্যাচ শেষ হতেই ঢাকার জাতীয় স্টেডিয়ামে দেখা গেল অন্যরকম এক দৃশ্য। রাজনৈতিক বৈরিতা আর ক্রিকেটে করমর্দন নিয়ে বিতর্কের বিপরীতে ফুটবলে সৌহার্দ্যের নজির গড়লেন দুই দেশের খেলোয়াড়েরা। সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিয়ে সম্মান জানাল ভারত ও পাকিস্তান।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে রেকর্ড দশমবারের মতো শিরোপা জেতে ভারত। প্রথমবার ফাইনালে উঠেও স্বপ্নভঙ্গ হয় পাকিস্তানের। তবে মাঠের প্রতিদ্বন্দ্বিতা শেষ হওয়ার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দুই দলের ফুটবলারদের আচরণই হয়ে ওঠে আলোচনার বিষয়।

Advertisement

ফাইনাল ম্যাচ শেষে প্রথমে পাকিস্তানের ফুটবলারদের সম্মান জানায় চ্যাম্পিয়ন ভারত। রানার্সআপের পদক ও ট্রফি নিতে পাকিস্তানের খেলোয়াড়েরা মঞ্চে যাওয়ার সময় দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদের গার্ড অব অনার দেন ভারতীয় ফুটবলাররা।

এরপর ভারতীয় খেলোয়াড়দের চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণের পালা। এবার একইভাবে সারিবদ্ধ হয়ে দাঁড়ান পাকিস্তানের ফুটবলাররা। শিরোপা হারানোর হতাশা পেছনে ফেলে ভারতীয় খেলোয়াড়দের গার্ড অব অনার দিয়ে সম্মান জানান তারা। দুই দলের এমন আচরণে ফুটে ওঠে পারস্পরিক শ্রদ্ধার এক ব্যতিক্রমী দৃশ্য।

ভারত-পাকিস্তানের রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েন নতুন কিছু নয়।সাম্প্রতিক সময়ে সেই উত্তেজনার প্রভাব পড়েছে খেলার মাঠেও। বিশেষ করে ক্রিকেটে দুই দেশের খেলোয়াড়দের করমর্দন এড়িয়ে যাওয়ার ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা ও বিতর্ক হয়েছে। এমন পরিস্থিতিতে ফুটবল মাঠে দুই দলের সৌজন্য বিনিময় আলাদা তাৎপর্য পেয়েছে।

অবশ্য সাফ চ্যাম্পিয়নশিপ শুরুর আগেই এমন আচরণের ইঙ্গিত পাওয়া গিয়েছিল। ভারত-পাকিস্তান ম্যাচ সামনে রেখে সংবাদ সম্মেলনে দুই দলের প্রতিনিধিদের কাছে জানতে চাওয়া হয়েছিল, রাজনৈতিক উত্তেজনার প্রভাব খেলোয়াড়দের পারস্পরিক সম্পর্কেও পড়বে কি না। তখনই জানানো হয়েছিল, মাঠের প্রতিদ্বন্দ্বিতা যত তীব্রই হোক, সৌজন্য বিনিময়ে কোনো আপত্তি নেই তাদের।

ফাইনাল শেষে সংবাদ সম্মেলনেও বিষয়টি নিয়ে কথা বলেন ভারতের কোচ নওশাদ মুসা। খেলোয়াড়দের করমর্দন কিংবা প্রতিপক্ষকে সম্মান জানানো নিয়ে বিশেষ কোনো নির্দেশনা ছিল কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘না, এ নিয়ে কোনো নির্দেশনা ছিল না। প্রতিপক্ষের প্রতি সম্মান থেকেই এটা করা হয়েছে। তারা যেভাবে খেলেছে, তাতে তাদের প্রতি আমাদের যথেষ্ট শ্রদ্ধা রয়েছে।’

ক্রিকেটের সঙ্গে ফুটবলের প্রতিদ্বন্দ্বিতার পার্থক্যও তুলে ধরেন ভারতীয় কোচ। মুসা বলেন, ‘ক্রিকেটে দুই দল অনেক ম্যাচ খেলে। কিন্তু এরপর আবার কবে পাকিস্তানের বিপক্ষে খেলব, আমি জানি না। ক্রিকেটের প্রতিদ্বন্দ্বিতা আলাদা, এখানে বিষয়টি ভিন্ন।’

পাকিস্তানের কোচ নলবের্তো সোলানোও দিয়েছেন একই বার্তা। তার মতে, ফুটবলের সৌন্দর্যই হলো মানুষকে একত্র করা। মাঠে যত বড় প্রতিপক্ষই হোক, ম্যাচ শেষে একে অন্যের প্রতি সম্মান দেখানো উচিত।

সোলানো বলেন, ‘আমরা সব সময় বলি, ফুটবল সুন্দর একটি খেলা। এ কারণেই সারা বিশ্বের মানুষ ফুটবল ভালোবাসে। ফুটবল সবাইকে এক করে। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা সবাই মানুষ, যদিও আমাদের মধ্যে পার্থক্য রয়েছে। শুধু মাঠেই আমরা প্রতিপক্ষ। এরপর জয়-পরাজয় যা-ই হোক, করমর্দন করতে হবে এবং একে অন্যকে সম্মান জানাতে হবে।’

মাঠের লড়াই অবশ্য পাকিস্তানের জন্য ছিল হতাশার। প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে শিরোপা জয়ের স্বপ্ন দেখছিল দলটি। প্রথমার্ধের যোগ করা সময়ে আলমগীর গাজীর গোলে এগিয়েও যায় তারা। কিন্তু দ্বিতীয়ার্ধে জুনায়েদ শাহ লাল কার্ড দেখলে বদলে যায় ম্যাচের চিত্র।

৫৮ মিনিটে ভিএআর পর্যালোচনার পর সরাসরি লাল কার্ড দেখেন জুনায়েদ। একজন বেশি নিয়ে খেলার সুযোগ কাজে লাগিয়ে দুই মিনিট পরই সুহাইল আহমেদ ভাটের গোলে সমতা ফেরায় ভারত। এরপর ৮৮ মিনিটে সন্দীপ মান্ডির হেডে জয় নিশ্চিত করে নওশাদ মুসার দল। টানা তৃতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি নিজেদের শিরোপাসংখ্যা দশে নিয়ে যায় ভারত।

ম্যাচের ফলাফলে দুই দলের অভিজ্ঞতা ছিল সম্পূর্ণ বিপরীত। ভারত যেখানে শিরোপা জয়ের আনন্দে মেতেছে, সেখানে প্রথমবার ফাইনালে উঠেও খালি হাতে ফিরতে হয়েছে পাকিস্তানকে। তবে পুরস্কার বিতরণী মঞ্চে সেই ব্যবধান আর চোখে পড়েনি। চ্যাম্পিয়ন ও রানার্সআপ, দুই দলই একে অন্যকে জানিয়েছে প্রাপ্য সম্মান।

ক্রিকেটে করমর্দন নিয়ে চলমান বিতর্কের মধ্যে ঢাকার মাঠে ভারত-পাকিস্তানের এই আচরণ তাই বিশেষভাবে নজর কেড়েছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতার পরও যে পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখা সম্ভব, গার্ড অব অনার বিনিময়ের মধ্য দিয়ে সেটিই দেখিয়েছেন দুই দেশের ফুটবলাররা।

নুরসাদ আমিন

সম্পাদনা

নুরসাদ আমিন

স্পোর্টস রিপোর্টার | এশিয়া পোস্ট