logo

বাংলাদেশি ৩৫ জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সংবর্ধনা

বাংলাদেশি ৩৫ জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সংবর্ধনা
পাকিস্তান সফররত বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের সঙ্গে দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের মতবিনিময়। ছবি: মন্ত্রণালয়

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ থেকে সফররত ৩৫ সদস্যের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করেছেন।

বুধবার (১৮ নভেম্বর) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Advertisement

পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডরের আওতায় দেশটির ন্যাশনাল স্কুল অব পাবলিক পলিসির এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট আয়োজিত ‘এক্সিকিউটিভ লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম’-এ অংশ নিতে বাংলাদেশি কর্মকর্তারা বর্তমানে পাকিস্তান সফর করছেন।

প্রতিনিধিদলকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে ইসহাক দার পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং দুই দেশের অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যের বিষয়টি তুলে ধরেন। একই সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের সাম্প্রতিক ইতিবাচক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সদিচ্ছার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক আরও জোরদারে পাকিস্তানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এ সময় তিনি শিক্ষা, পেশাগত প্রশিক্ষণ এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ে পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডরের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর আলোকপাত করেন। এ কর্মসূচির মাধ্যমে সুশাসন ও জনপ্রশাসন বিষয়ে দুই দেশের অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি দীর্ঘস্থায়ী পেশাগত যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সফররত বাংলাদেশি প্রতিনিধিদলের পাকিস্তানে অবস্থান ফলপ্রসূ ও স্মরণীয় হবে বলে আশা প্রকাশ করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী।