Advertisement

কে-ড্রামায় বিতর্কিত দৃশ্য, ক্ষমা চাইলেন অভিনেতারা

এশিয়া পোস্ট বিনোদন
কে-ড্রামায় বিতর্কিত দৃশ্য, ক্ষমা চাইলেন অভিনেতারা
দক্ষিণ কোরিয়ার অন্যতম জনপ্রিয় ড্রামা ‘পারফেক্ট ক্রাউন’

দক্ষিণ কোরিয়ার অন্যতম জনপ্রিয় ড্রামা ‘পারফেক্ট ক্রাউন’। সম্প্রতি ড্রামাটি নিয়ে নেটদুনিয়ায় তীব্র বিতর্ক শুরু হয়েছে। কাল্পনিক রাজতন্ত্রের পটভূমিতে নির্মিত এই রোমান্টিক ড্রামাটির বিরুদ্ধে ইতিহাস বিকৃতি এবং দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার অভিযোগ উঠেছে। ঘটনার পর নাটকটির প্রধান দুই তারকা—আইইউ এবং ব্যয়ন উ সোক সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন।

গত মাসে প্রচারিত ‘পারফেক্ট ক্রাউন’-এর ১১তম পর্বের একটি রাজ্যাভিষেকের দৃশ্যকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত। এরপরই পুরো কোরিয়ায় প্রতিবাদের ঝড় ওঠে। দর্শকদের দাবি, নাটকে কোরিয়াকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে না দেখিয়ে চীনের অধীন রাজ্য হিসেবে উপস্থাপন করা হয়েছে। সূত্র: ফিল্মফেয়ার ডটকম

এ ছাড়া রাজ্যাভিষেকে ‘মানসে’ শব্দের পরিবর্তে ‘ছনসে’ ব্যবহার করা হয়। এতে দেশটিকে রাজ্যের অিধীন বোঝা যায়। নাটকে অভিনেতা ব্যয়ন উ সোক-কে যে মুকুটটি পরানো হয়, তা ঐতিহাসিকভাবে চীনা অনুগামীদের পোশাকের অংশ ছিল। আইইউ-এর চা পানের রীতিটিও কোরিয়ান সংস্কৃতির চেয়ে চীনা ঐতিহ্যের সাথে বেশি মিলে যায়।

এসব অপরিকল্পিত দৃশ্য সমালোচনার মুখে পড়ে। ফলে এর প্রযোজনা সংস্থা দুঃখ প্রকাশ করে জানায়, কাল্পনিক ইতিহাস ও বাস্তবতার সমন্বয়ে তারা যথেষ্ট সতর্ক ছিলেন না। ওটিটি ও পরবর্তী সম্প্রচারে এই দৃশ্যগুলো সংশোধন করা হবে।

অভিনেত্রী আইইউ ইনস্টাগ্রামে লেখেন, ‘প্রধান চরিত্র হিসেবে দায়িত্বশীল আচরণ করতে না পারায় আমি লজ্জিত। চিত্রনাট্যটি আরও মনোযোগ দিয়ে পড়া এবং ইতিহাস নিয়ে পড়াশোনা করা উচিত ছিল।’

অন্যদিকে, অভিনেতা ব্যয়ন উ সোকও ভবিষ্যতে দায়িত্বশীল হয়ে কাজ করবেন বলে জানান।

চলতি বছরের অন্যতম আলোচিত ও বিতর্কিত এই ড্রামাটির ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আরও সতর্ক থাকার প্রতিশ্রুতি দিয়েছেন সংশ্লিষ্ট সবাই।