Advertisement

নেটফ্লিক্সের অ্যাকশন-কমেডিতে ক্যাভিল ও কেভিন হার্ট

এশিয়া পোস্ট বিনোদন
নেটফ্লিক্সের অ্যাকশন-কমেডিতে ক্যাভিল ও কেভিন হার্ট
হলিউড অভিনেতা হেনরি ক্যাভিল ও কেভিন হার্ট। ছবি: সংগৃহীত

সুপারম্যানখ্যাত হেনরি ক্যাভিলের সঙ্গে খুব শিগগির অ্যাকশন-কমেডিতে দেখা যাবে বিখ্যাত কমেডিয়ান কেভিন হার্টকে। নেটফ্লিক্সের নতুন একটি হাই-কনসেপ্ট স্পাই-অ্যাকশন সিনেমায় জুটি বাঁধছেন দুই জনপ্রিয় তারকা। শন লুইসের একটি ছোটগল্প অবলম্বনে নির্মিত সিনেমাটি পরিচালনা করবেন ‘চার্লিস অ্যাঞ্জেলস’ খ্যাত নির্মাতা ম্যাকজি। অভিনেতাদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলেও সিনোমর নাম এখনও চূড়ান্ত করা হয়নি।

ডিসি ইউনিভার্সের ‘ম্যান অব স্টিল’ (সুপারম্যান) খ্যাত ব্রিটিশ অভিনেতা হেনরি ক্যাভিল তার দুর্দান্ত অ্যাকশন ইমেজের জন্য বিশ্বজুড়ে জনপ্রিয়। জেমস বন্ড ফ্র্যাঞ্চাইজির নতুন বন্ড হওয়ার দৌড়েও তার নাম রয়েছে। সম্প্রতি ‘ইন দ্য গ্রে’ ছবিতে কাজ করা এই তারকাকে খুব শিগগির ‘এনোলা হোমস ৩’ এবং ‘হাইল্যান্ডার’ রিবুটে দেখা যাবে।

ক্যাভিলের সঙ্গে জুটি বাঁধা ‘জুমানজি’ ও ‘বর্ডারল্যান্ডস’ খ্যাত তারকা কেভিন হার্ট কমিক টাইমিংয়ের জন্য দর্শকদের কাছে ভীষণ জনপ্রিয়। হলিউডের শীর্ষস্থানীয় কমেডিয়ান ও সফল অভিনেতার সাবলীল কমেডি বিশ্বজুড়ে প্রশংসিত।

সিনেমার গল্পটি দুই প্রতিদ্বন্দ্বী গুপ্তচরকে নিয়ে সাজানো হয়েছে। যাদের দেখা হয় এক প্রেগন্যান্সি ক্লাসে। সেখানে তাদের স্ত্রীদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। এরপরই দুই গুপ্তচরের দ্বৈত জীবন অদ্ভুতভাবে একে অপরের মুখোমুখি হয়। একদিকে বাবা হওয়া, অন্যদিকে প্রফেশন—অনিচ্ছা সত্ত্বেও তারা জড়িয়ে পড়ে জটিল এক টানাপোড়েনে। সূত্র: সিনেএক্সপ্রেস

সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে ‘স্ট্র্যাঞ্জার থিংস’ খ্যাত ২১ ল্যাপস এবং রায়ান রেনল্ডসের ম্যাক্সিমাম এফোর্ট। চিত্রনাট্য লিখছেন ‘দ্য লস্ট সিটি’ খ্যাত অ্যাডাম ও অ্যারন নি।