Advertisement

মানুষের ওপর বিশ্বাস হারাচ্ছেন কিনজা হাশমি

এশিয়া পোস্ট বিনোদন

মানুষের ওপর বিশ্বাস হারাচ্ছেন কিনজা হাশমি
পাকিস্তানি জনপ্রিয় অভিনেত্রী কিনজা হাশমি

পাকিস্তানি বিনোদন ভুবনের আলোচিত ও জনপ্রিয় মুখ কিনজা হাশমি। ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী সম্প্রতি নিজের জীবনের কিছু ভয়াবহ অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন। উগ্র ভক্তদের দ্বারা বেশ কয়েকবার গুরুতর নিরাপত্তা হুমকির মুখে পড়েন ‘আধুরা মিলন’ খ্যাত তারকা।

কিনজা হাশমি জানান, একাধিকবার স্টকার বা উন্মত্ত ভক্তের কারণে নিরাপত্তা হুমকির মুখে পড়তে হয়েছে তাকে। এসব ঘটনার পর আশপাশের মানুষদের ওপর বিশ্বাস রাখাও কঠিন হয়ে গেছে বলে জানান অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কিনজা দাবি করেন, বিদেশে অবস্থানরত এক মাদকাসক্ত ভক্ত তার গৃহকর্মীদের অর্থের প্রলোভন দেখিয়ে নিজের প্রভাব বিস্তার করেছিল। সাত বছরের বেশি সময় কয়েকজন গৃহকর্মী গোপনে তার ব্যক্তিগত তথ্য, বাসার ভেতরের ছবি, ব্যক্তিগত জিনিসপত্রর ছবিও ওই ব্যক্তির কাছে পৌঁছে দিত। সূত্র: রিভিউইট

ঘটনাটি জানার পর তিনি ভীষণভাবে মানসিকভাবে ভেঙে পড়েন। কিনজার ভাষায়, ব্যক্তিগত গোপনীয়তা এভাবে লঙ্ঘিত হওয়ায় মানুষের প্রতি তার আস্থা অনেকটাই নষ্ট হয়ে যায়। এ কারণে ধীরে ধীরে মানুষের ওপর থেকে বিশ্বাস হারাচ্ছেন অভিনেত্রী।

আরেকটি ঘটনার কথা তুলে ধরে অভিনেত্রী জানান, এক স্টকার একটি নাটকের শুটিং সেট থেকে ফলো করে বাসার কাছেও পৌঁছে গিয়েছিল। তবে নিরাপত্তাকর্মীদের সতর্কতার কারণে ভেতরে প্রবেশ করতে পারেনি।

পাকিস্তানি প্রভাবশালী এই অভিনেত্রী বলেন, তারকাদের প্রায়ই এমন হয়রানির শিকার হতে হলেও বেশিরভাগ ক্ষেত্রে আইনি ব্যবস্থা নেওয়া বা আনুষ্ঠানিক অভিযোগ করা সহজ হয় না।

মূলত টিভি বিজ্ঞাপন দিয়েই কিনজা হাশমির উত্থান। এর পর সাবলীল অভিনয়ের মাধ্যমে আলোকিত করেন বিনোদন ভুবন। ২০১৪ সালে ‘আধুরা মিলন’ সিরিয়ালের মাধ্যমে আকাশচুম্বী জনপ্রিয়তা অর্জন করেন এই পাকিস্তানি অভিনেত্রী।