logo
Advertisement

লাইসেন্স ও পরীক্ষা ছাড়া স্পিচ থেরাপি দিলেই কঠোর ব্যবস্থা: বিআরসি

এশিয়া পোস্ট প্রতিবেদক
লাইসেন্স ও পরীক্ষা ছাড়া স্পিচ থেরাপি দিলেই কঠোর ব্যবস্থা: বিআরসি
সিআরসি সম্মেলনকক্ষে এসএসএলটি আয়োজিত কর্মশালায় বক্তারা। ছবি : এশিয়া পোস্ট

পরীক্ষা ও লাইসেন্স ছাড়া দেশে কাউকে স্পিচ ও পুনর্বাসন থেরাপি দিতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল (বিআরসি)।

Advertisement

ভুয়া থেরাপিস্টদের দৌরাত্ম্য বন্ধ ও পেশার মান নিশ্চিত করতে অনিবন্ধিত চিকিৎসায় কড়া ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়ে সংস্থাটি জানিয়েছে, এখন থেকে সক্ষমতা যাচাই পরীক্ষার মাধ্যমেই লাইসেন্স দেওয়া হবে।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে রাজধানীর মিরপুরে সিআরসি সম্মেলনকক্ষে ‘সোসাইটি অব স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টস’ (এসএসএলটি) আয়োজিত ছয় দিনব্যাপী আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে এ কথা জানানো হয়।

অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের দুই বিশেষজ্ঞের পরিচালনায় এ কর্মশালায় দেশের ৫৮ জন থেরাপিস্ট অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিআরসির রেজিস্ট্রার ও যুগ্ম সচিব মুহাম্মদ হারুন অর রশিদ বলেন, ‘অনুমোদন ও দক্ষতা পরীক্ষা ছাড়া পুনর্বাসন সেবার কোনো সুযোগ নেই। দেশের মানুষকে মানসম্মত সেবা দিতে আন্তর্জাতিক প্রযুক্তি ও প্রশিক্ষণের সঙ্গে পেশাজীবীদের যুক্ত হতে হবে।’

বিআরসি রেজিস্ট্রার জানান, সংসদীয় আইনের অধীনে প্রতিষ্ঠিত কাউন্সিল ১২টি পেশাগত শ্রেণি ও ২০ ধরনের পুনর্বাসন পেশাজীবীকে নিয়মের আওতায় আনছে। কেবল শ্রেণিকক্ষভিত্তিক নয়, হাসপাতালে সরাসরি রোগী দেখার মাধ্যমে হাতে-কলমে প্রশিক্ষণ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

কর্মশালায় আন্তর্জাতিক প্রশিক্ষক অ্যান-ক্যাথরিন ডেমেরেভিচ ও ক্যারেন বারবারা ব্রিঙ্কম্যান জানান, অটিজম, তোতলামি ও বাক-সমস্যা মোকাবিলায় ‘প্রম্পট’ এবং সমন্বিত পদ্ধতি চিকিৎসাসেবায় বড় পরিবর্তন আনবে।

এসএসএলটির সভাপতি ফিদা আল-শামস ভুয়া থেরাপিস্টদের বিরুদ্ধে বিআরসির অবস্থানকে স্বাগত জানিয়ে দ্রুত যোগ্য পেশাজীবীদের নিবন্ধন বাস্তবায়নের দাবি জানান।

কনসালট্যান্ট নার্গিস জাহান বলেন, এ আন্তর্জাতিক প্রশিক্ষণ চিকিৎসকদের দক্ষতা ও সেবার মান বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে।