logo

সুস্থ ব্যক্তির প্রতিদিনের রান্নায় কতটুকু তেল খাওয়া নিরাপদ

সুস্থ ব্যক্তির প্রতিদিনের রান্নায় কতটুকু তেল খাওয়া নিরাপদ
ছবি: ম্যাগনিফিক

আমরা বাঙালিরা স্বভাবতই তেল-মসলাদার খাবার খেতে অনেক পছন্দ করি। মাছ, মাংস, সবজি বা ভাজাপোড়া, প্রায় সব খাবার তৈরিতেই তেলের ব্যবহার হয়। তবে সুস্থ থাকার জন্য কী ধরনের তেল খাচ্ছেন তার পাশাপাশি কতটা খাচ্ছেন সেটিও গুরুত্বপূর্ণ।

অতিরিক্ত তেল খাওয়ার অভ্যাস ধীরে ধীরে শরীরে অনেক ধরনের সমস্যা তৈরি করতে পারে। বিশেষ করে ওজন, কোলেস্টেরল ও হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে।

Advertisement

প্রতিদিনের তেলের পরিমাণ কেমন হওয়া উচিত?

সুস্থ থাকতে প্রতিদিনের খাবার রান্নায় তেলের পরিমাণ নিয়ন্ত্রণে রাখা জরুরি। বিশেষজ্ঞদের মতে, একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের দিনে প্রায় ১৫ থেকে ২০ মিলিলিটার রান্নার তেল খাওয়া যেতে পারে। এটি প্রায় ৩ চা-চামচ সম পরিমাণ হতে পারে।

এই হিসাব অনুযায়ী, একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য মাসে প্রায় ৫০০ থেকে ৬০০ মিলিলিটার রান্নার তেল যথেষ্ট মনে করা হয়। পরিবারের সদস্য চারজন হলে মাসে ২ লিটারের কম তেল ব্যবহারের চেষ্টা করা উচিত। এর বেশি যেন কোনোভাবেই না হয়।

তবে এই পরিমাণ সবার জন্য একই না। বয়স, শারীরিক পরিশ্রম, ওজন ও দৈনিক ক্যালরির চাহিদা অনুযায়ী তেলের পরিমাণ কমবেশি হতে পারে।

কোন ধরনের তেল বেছে নেবেন?

রান্নায় সরিষার তেল, সয়াবিন তেল, সূর্যমুখী তেল, অলিভ অয়েল ও রাইস ব্র্যান অয়েলসহ বিভিন্ন তেল ব্যবহার করা হয়।

এসব তেলের মধ্যে থাকা অসম্পৃক্ত ফ্যাট শরীরের জন্য উপকারী হতে পারে। অন্যদিকে, অতিরিক্ত স্যাচুরেটেড ফ্যাট ও ট্রান্স ফ্যাটযুক্ত তেল এড়িয়ে চলা ভালো।

তবে একটি বিষয় মনে রাখা জরুরি, স্বাস্থ্যকর তেল হলেও বেশি পরিমাণে খেলে তা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। তাই যে ধরনের তেলই হোক না কেন, তার পরিমাণ নিয়ন্ত্রণে রাখা উচিত।

অতিরিক্ত তেল খেলে শরীরে কী প্রভাব পড়ে?

দীর্ঘদিন অতিরিক্ত তেল ও চর্বিযুক্ত খাবার খাওয়ার অভ্যাস শরীরের বিপাকীয় স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এর ফলে বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।

ওজন বৃদ্ধি: তেলে প্রচুর ক্যালরি থাকে। অতিরিক্ত তেল খেলে দৈনিক ক্যালরির চাহিদা ছাড়িয়ে যেতে পারে, যা ওজন বাড়াতে ভূমিকা রাখে।

কোলেস্টেরলের সমস্যা: স্যাচুরেটেড ও ট্রান্স ফ্যাট বেশি গ্রহণ করলে রক্তে ক্ষতিকর এলডিএল কোলেস্টেরলের মাত্রা বাড়তে পারে।

হৃদরোগের ঝুঁকি: অস্বাস্থ্যকর চর্বি বেশি খাওয়ার অভ্যাস হৃদযন্ত্রের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

ডায়াবেটিসের ঝুঁকি: অতিরিক্ত ক্যালরি গ্রহণ ও ওজন বেড়ে যাওয়ার সঙ্গে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকির সম্পর্ক আছে।

স্ট্রোকের ঝুঁকি: অতিরিক্ত তেল খাওয়ার কারণে হৃদরোগ ও রক্তনালিসংক্রান্ত সমস্যা তৈরি হলে স্ট্রোকের ঝুঁকিও বাড়তে পারে।

হৃদরোগীদের তেল ব্যবহারে বাড়তি সতর্কতা

যাদের হৃদরোগ, উচ্চ কোলেস্টেরল বা ডায়াবেটিস আছে, তাদের খাবারে তেলের পরিমাণ নিয়ে আরও বেশি সচেতন থাকা উচিত। ব্যক্তির শারীরিক অবস্থা ও খাদ্যাভ্যাস অনুযায়ী চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নেওয়া ভালো।

সুস্থ থাকতে রান্নার তেল পুরোপুরি বাদ দেওয়ার প্রয়োজন নেই। পরিমিত পরিমাণে উপযুক্ত তেল ব্যবহার, ভাজাপোড়া কম খাওয়া আর প্রতিদিনের খাদ্যাভ্যাসে ভারসাম্য রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।