চার দাবিতে রাস্তায় ডেল্টা কলেজের ইন্টার্ন চিকিৎসকরা

বেতন বাড়ানোসহ চার দফা দাবিতে রাস্তায় নেমেছেন রাজধানীর মিরপুরের ডেল্টা মেডিকেল কলেজ হাসপাতাল ও ডেল্টা হাসপাতাল লিমিটেডের ইন্টার্ন চিকিৎসকরা। দাবি বাস্তবায়ন না হলে কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
বুধবার (১০ জুন) সকালে ডেল্টা হাসপাতালের সামনে টেকনিক্যাল-মিরপুর সড়কে মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা।
চিকিৎসকরা জানান, ডেল্টার ইন্টার্ন চিকিৎসকরা সবসময় পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করে আসছে। রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে তারা নিরলসভাবে কাজ করছে। কিন্তু দুঃখের বিষয়, কিছু ন্যায্য দাবি দীর্ঘদিন ধরে অমীমাংসিত রয়ে যাওয়ায়, সবার কাজের মান ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
এ অবস্থায় ইন্টার্নদের বর্তমান বেতন কাঠামো পুনর্বিবেচনা করে সরকার প্রদত্ত পে-স্কেল অনুযায়ী মাসিক বেতন পাঁচ হাজার টাকা বৃদ্ধি করে ২০ হাজার টাকায় উন্নীত করা এবং অবৈতনিকদের পাঁচ হাজার টাকা বেতন-ভাতা প্রদানসহ চার দফা দাবি জানান।
পাশাপাশি প্রতি মাসের বেতন মাসের প্রথম সাত দিনের মধ্যে নিয়মিতভাবে প্রদান নিশ্চিত করা, ইন্টার্নদের জন্য নির্ধারিত কক্ষের সুযোগ-সুবিধা (পর্যাপ্ত রুম, লকারের পরিমাণ বৃদ্ধি, বিশ্রামের জন্য পর্যাপ্ত বেডের ব্যবস্থা, নিরাপত্তা, পরিচ্ছন্নতা, পুরুষ ইন্টার্নকক্ষকে শীতাতপনিয়ন্ত্রিত করা ইত্যাদি) উন্নত করা। এ ছাড়াও কর্মপরিবেশ উন্নয়নের জন্য প্রয়োজনীয় সহায়ক ব্যবস্থা (যেমন- নিরাপদ ডিউটি পরিবেশ, পর্যাপ্ত সরঞ্জামাদি, সিকিউরিটি গার্ড) গ্রহণ করতে হবে বলে উল্লেখ করেন ইন্টার্ন চিকিৎসকরা।
ডেল্টার ইন্টার্ন চিকিৎসকরা বলেন, দাবিগুলো গত রোববার থেকে ডেল্টা মেডিকেল কলেজের পরিচালনা পর্ষদ ও ডেল্টা হাসপাতাল লিমিটেডের প্রশাসনকে অবহিত করে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেওয়া হয়। কিন্তু তারা ইন্টার্ন চিকিৎসকদের দাবিগুলোকে আমলে নেয়নি। ফলে আজ রাস্তায় নামতে হয়েছে। দাবি মেনে না নেওয়া হলে সব ইন্টার্ন চিকিৎসকরা আগামীকাল থেকে আরও কঠোর কর্মসূচির ডাক দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
