রাতে রক্তে শর্করা নিয়ন্ত্রণে উপকারী ৪ পানীয়

রাতে ঘুমানোর আগে কী পান করা উচিত, যাতে রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে না যায় - এ প্রশ্ন অনেকেরই থাকে। ভালো খবর হলো, শুধু পানি নয়, আরও কিছু স্বাস্থ্যকর পানীয়ও আছে যেগুলো এই সময় নিরাপদ এবং উপকারী হতে পারে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, চিনি যুক্ত পানীয় যেমন সফট ড্রিংক, মিষ্টি চা বা জুস রক্তে শর্করা দ্রুত বাড়িয়ে দিতে পারে।
মার্কিন পুষ্টিবিদ প্যালোমা ভেগার মতে, এমন পানীয় এড়িয়ে চলা উচিত যেগুলো দ্রুত শরীরে শোষিত হয় এবং ফাইবার, প্রোটিন বা ফ্যাটের অভাবে রক্তে শর্করা নিয়ন্ত্রণে বাধা সৃষ্টি করে।
চলুন জেনে নেওয়া যাক, ডায়েটিশিয়ানদের মতে রাতে উপকারী ৪টি পানীয় সম্পর্কে।
ক্যামোমাইল চা
ক্যামোমাইল চা একটি জনপ্রিয় হার্বাল পানীয়, যা শরীরকে শান্ত করতে সাহায্য করে। রাতে এটি খেলে মানসিক চাপ কমে এবং ঘুম ভালো হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, ক্যামোমাইল চা রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে এবং দীর্ঘমেয়াদে ফাস্টিং ব্লাড সুগার ও HbA1c কমাতে সাহায্য করতে পারে। তবে এতে চিনি বা মধু যোগ করা উচিত নয়, কারণ তা রক্তে শর্করা বাড়িয়ে দিতে পারে।
ডিক্যাফ গ্রিন টি
গ্রিন টিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের জন্য উপকারী এবং রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে। তবে রাতে ক্যাফেইন এড়াতে ডিক্যাফ গ্রিন টি বেছে নেওয়া ভালো। পুষ্টিবিদদের মতে, এতে থাকা ফ্ল্যাভোনয়েড ও পলিফেনল কোষকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে এবং ইনসুলিনের কার্যকারিতা উন্নত করতে পারে।
স্বাদ বাড়াতে চাইলে এতে লেবু, পুদিনা বা আদা যোগ করা যেতে পারে, তবে চিনি দেওয়া যাবে না।
গোল্ডেন মিল্ক
গোল্ডেন মিল্ক হলো হলুদ, দুধ এবং কিছু মশলা মিশিয়ে তৈরি একটি উষ্ণ পানীয়। এতে সাধারণত হলুদ, দারুচিনি, আদা এবং কালো মরিচ ব্যবহার করা হয়। ডায়েটিশিয়ানদের মতে, হলুদের প্রদাহনাশক গুণ রয়েছে। এছাড়া দুধে থাকা প্রোটিন ও ফ্যাট রক্তে শর্করা স্থিতিশীল রাখতে সাহায্য করে, বিশেষ করে রাতে ঘুমের সময়।
চিনি ছাড়া তৈরি করলে এটি একটি ভালো রাতের পানীয় হতে পারে।
প্রোটিন শেক
যারা রাতে ক্ষুধা অনুভব করেন বা শরীরচর্চা করেন, তাদের জন্য কম চিনি যুক্ত প্রোটিন শেক উপকারী হতে পারে। প্রোটিন শেক রক্তে শর্করার ওঠানামা কমাতে সাহায্য করে এবং রাতে পেশি পুনর্গঠনে সহায়তা করে। বিশেষজ্ঞরা সাধারণত ২০ গ্রাম বা তার বেশি প্রোটিন এবং খুব কম চিনি আছে এমন শেক বেছে নিতে বলেন।
রাতে বেশি কার্বোহাইড্রেট বা চিনি গ্রহণ করলে রক্তে শর্করা নিয়ন্ত্রণে সমস্যা হতে পারে, তাই প্রোটিন শেক তুলনামূলক ভালো বিকল্প হতে পারে।
রাতে সঠিক পানীয় নির্বাচন রক্তে শর্করা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ক্যামোমাইল চা, ডিক্যাফ গ্রিন টি, গোল্ডেন মিল্ক এবং প্রোটিন শেক—এই পানীয়গুলো চিনি ছাড়া গ্রহণ করলে উপকার পাওয়া যেতে পারে।
তবে মনে রাখতে হবে, শুধু পানীয় নয়, পুরো খাদ্যাভ্যাস এবং জীবনযাপনই রক্তে শর্করা নিয়ন্ত্রণের মূল ভিত্তি।
সূত্র:ইটিং ওয়েল








