ঘুম থেকে উঠেই হাত ঝিনঝিন, জটিল কোনো রোগের ইঙ্গিত নয়তো

ঘুম থেকে ওঠার পর হঠাৎ হাত অবশ লাগা বা ঝিনঝিন অনুভব করা অস্বাভাবিক নয়। অনেক সময় কিছুক্ষণ হাত নাড়াচাড়া করলেই সমস্যা ঠিক হয়ে যায়। তবে যদি এটি নিয়মিত ঘটতে থাকে, তাহলে তা শরীরের ভেতরের কোনো সমস্যা বা স্নায়ুর জটিলতার ইঙ্গিতও হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, সাধারণ ঘুমের ভঙ্গি থেকে শুরু করে ডায়াবেটিস বা স্নায়ুর সমস্যাও এর পেছনে ভূমিকা রাখতে পারে।
ঘুমের ভঙ্গির কারণেও হতে পারে
সবচেয়ে সাধারণ কারণ হলো ভুল ভঙ্গিতে ঘুমানো। ঘুমের সময় হাত বা বাহুর ওপর চাপ পড়লে সাময়িকভাবে স্নায়ু বা রক্ত চলাচলে প্রভাব পড়ে। ফলে হাত ঝিনঝিন বা অবশ লাগতে পারে।
সাধারণত ভঙ্গি বদলালে বা কিছুক্ষণ হাত নড়াচড়া করলে সমস্যা কমে যায়।
কার্পাল টানেল সিনড্রোম
কবজির ভেতরের একটি স্নায়ুর ওপর চাপ পড়লে কার্পাল টানেল সিনড্রোম হয়। এতে আঙুল ও হাতে অবশ ভাব, ঝিনঝিন অনুভূতি বা দুর্বলতা দেখা দিতে পারে।
দীর্ঘ সময় টাইপিং, মোবাইল ব্যবহার বা একই ধরনের হাতের কাজ করলে এই সমস্যা বাড়তে পারে।
ঘাড়ের সমস্যার প্রভাব
বয়স বাড়ার সঙ্গে ঘাড়ের হাড় বা ডিস্কে পরিবর্তন এলে স্নায়ুর ওপর চাপ তৈরি হতে পারে। একে সারভাইক্যাল স্পনডাইলোসিস বলা হয়।
এতে শুধু হাত অবশ হওয়া নয়, ঘাড় ব্যথা, ঘাড় শক্ত হয়ে যাওয়া বা হাত-পায়ে ঝিনঝিন ভাবও দেখা দিতে পারে।
ডায়াবেটিসজনিত স্নায়ুর ক্ষতি
ডায়াবেটিস দীর্ঘদিন নিয়ন্ত্রণে না থাকলে স্নায়ুর ক্ষতি হতে পারে। চিকিৎসাবিজ্ঞানে একে পেরিফেরাল নিউরোপ্যাথি বলা হয়।
এতে হাত ও পায়ে অবশ ভাব, জ্বালাপোড়া, সূচ ফোটানোর মতো অনুভূতি বা দুর্বলতা দেখা দিতে পারে।
ভিটামিন বি-১২ এর ঘাটতি
ভিটামিন বি-১২ স্নায়ুর স্বাভাবিক কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ। এই ভিটামিনের অভাব হলে হাত-পায়ে ঝিনঝিন, দুর্বলতা বা অবশ ভাব হতে পারে।
বিশেষ করে বয়স্ক ব্যক্তি বা যাদের খাবারে পুষ্টির ঘাটতি রয়েছে, তাদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায়।
অতিরিক্ত অ্যালকোহল ও কিছু ওষুধ
দীর্ঘদিন অতিরিক্ত অ্যালকোহল পান স্নায়ুর ক্ষতি করতে পারে। এছাড়া কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াতেও হাত অবশ হওয়ার সমস্যা দেখা যায়।
বিশেষ করে কেমোথেরাপির ওষুধ, কিছু অ্যান্টিবায়োটিক ও খিঁচুনির ওষুধ স্নায়ুর ওপর প্রভাব ফেলতে পারে।
কখন চিকিৎসকের কাছে যাবেন
নিয়মিত হাত অবশ হওয়া, হাত দুর্বল হয়ে যাওয়া, ঘাড় বা কাঁধে তীব্র ব্যথা, কথা বলতে সমস্যা হওয়া বা মাথা ঘোরার মতো উপসর্গ থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
কারণ কিছু ক্ষেত্রে এটি স্নায়ু বা মস্তিষ্কের গুরুতর সমস্যার লক্ষণও হতে পারে।
- সমস্যা কমাতে যা করতে পারেন
- হাতের ওপর চাপ পড়ে এমন ভঙ্গিতে ঘুমানো এড়িয়ে চলুন
- নিয়মিত হাত ও ঘাড়ের ব্যায়াম করুন
- ভিটামিন বি-১২ সমৃদ্ধ খাবার খান
- ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন
- অতিরিক্ত অ্যালকোহল ও ধূমপান এড়িয়ে চলুন
মাঝেমধ্যে ঘুম থেকে উঠে হাত অবশ লাগা সাধারণ বিষয় হতে পারে। তবে এটি যদি নিয়মিত হয় বা অন্য শারীরিক সমস্যার সঙ্গে দেখা দেয়, তাহলে বিষয়টি গুরুত্ব দেওয়া জরুরি। সময়মতো কারণ শনাক্ত করা গেলে বেশিরভাগ ক্ষেত্রেই চিকিৎসা ও জীবনযাপনের পরিবর্তনের মাধ্যমে সমস্যা নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
সূত্র: হেল্থলাইন




