জাম কেন খাবেন

জাম শুধু সুস্বাদু মৌসুমি ফলই নয়, এটি পুষ্টিগুণেও ভরপুর। বিশেষজ্ঞদের মতে, জামে থাকা বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে ক্ষতিকর ফ্রি র্যাডিকেলের প্রভাব থেকে রক্ষা করতে সাহায্য করে। এতে কোষের ক্ষতি কমতে পারে এবং দীর্ঘমেয়াদি নানা রোগের ঝুঁকি হ্রাসে সহায়ক ভূমিকা রাখতে পারে।
জামে ভিটামিন সি, ফ্ল্যাভোনয়েড, পলিফেনল ও ট্যানিনের মতো উপকারী উপাদান থাকে। এসব উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো থেকে শুরু করে হৃদযন্ত্র ভালো রাখা পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে।
জামের প্রধান স্বাস্থ্য উপকারিতাগুলো নিচে তুলে ধরা হলো।
শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ: জামে থাকা ভিটামিন সি, ফ্ল্যাভোনয়েড, পলিফেনল এবং ট্যানিন শরীরের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে সাহায্য করে। এটি দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে।
রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়ক: জাম ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক ফল হিসেবে পরিচিত। এতে থাকা জ্যাম্বোলিন নামক উপাদান শর্করা তৈরির প্রক্রিয়াকে ধীর করতে সাহায্য করতে পারে। এর ফলে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে ভূমিকা রাখতে পারে। অনেকেই প্রচলিতভাবে জামের বীজ শুকিয়ে গুঁড়া করেও ব্যবহার করেন।
হজমে সহায়তা করে: জামে থাকা ফাইবার হজম প্রক্রিয়া ভালো রাখতে সাহায্য করে। এটি দীর্ঘ সময় পেট ভরা রাখতেও সহায়ক হতে পারে। পাশাপাশি গ্যাস, পেটের অস্বস্তি বা ডায়রিয়ার মতো সমস্যাও কিছুটা কমাতে সাহায্য করতে পারে।
হৃদযন্ত্রের জন্য উপকারী: জামে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে। এছাড়া এর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান হৃদযন্ত্র ভালো রাখতে এবং কোলেস্টেরলের ভারসাম্য বজায় রাখতে ভূমিকা রাখতে পারে।
ত্বকের জন্য ভালো: ভিটামিন সি ত্বকের কোষকে সুরক্ষা দিতে সাহায্য করে এবং বয়সের ছাপ কমাতে সহায়ক হতে পারে। জামের প্রদাহনাশক গুণ ত্বকের ব্রণ বা প্রদাহ কমাতেও ভূমিকা রাখতে পারে।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক: জামে থাকা ভিটামিন সি শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে সাহায্য করে। ফলে শরীর সংক্রমণের বিরুদ্ধে ভালোভাবে লড়াই করতে পারে।
সহজলভ্য এই মৌসুমি ফলটি শুধু স্বাদেই নয়, পুষ্টিগুণেও বেশ সমৃদ্ধ। নিয়মিত পরিমিত পরিমাণে জামুন খেলে শরীর প্রয়োজনীয় অ্যান্টিঅক্সিডেন্ট ও বিভিন্ন উপকারী পুষ্টি উপাদান পেতে পারে। তবে ডায়াবেটিস বা অন্য কোনো দীর্ঘমেয়াদি শারীরিক সমস্যা থাকলে খাদ্যতালিকায় বড় পরিবর্তন আনার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো।
সূত্র: এনডিটিভি


